কারখানায় আগুন
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার ফার্মোসা পলি কটন বিডি লিমিটেডে কারখানায় গতকাল সোমবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুনের প্রকৃত কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফার্মোসা পলি কটন বিডি লিমিটেড কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটার দিকে বাঘের বাজার এলাকার ওই কারখানার দোতলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে এলাকাবাসী এবং জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সদস্যরা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে কারখানার সমন্বয়ক মো. খোরশেদ আলম প্রথম আলোকে জানান, মাস খানেক আগে ওই কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কারখানায় ফেব্রিকস তৈরি করা হয়। আগুনে গুদামে থাকা সুতা ও ফেব্রিকস পুড়ে যায়। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা তাঁরা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।