কারখানায় ঢুকে কর্মকর্তাকে গুলি
নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌর এলাকার উত্তর বিরামপুরে একটি এমব্রয়ডারি কারখানায় ঢুকে গতকাল রোববার দুপুরে শামীম আহম্মেদ (২৫) নামের এক কর্মকর্তাকে গুলি করেছেন এক তরুণ। শামীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা দুইটার দিকে কারখানার ভেতরে দায়িত্ব পালন করছিলেন কারখানার ব্যবস্থাপক শামীম আহমেদ। এ সময় মাধবদী পৌর এলাকার সাব্বির আহমেদ (২২) নিরাপত্তাকর্মীদের বাধা উপেক্ষা করে জোরপূর্বক কারখানার ভেতর ঢোকেন। এরপর শামীম আহম্মেদের কক্ষে গিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি করেন তিনি। এতে কোমর ও পায়ে গুলিবিদ্ধ হন শামীম। একপর্যায়ে সাব্বির ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যান। পরে কারখানার লোকজন শামীমকে উদ্ধার করে মাধবদীর একটি বেসরকারি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
কারখানার মালিক মো. মামুন মিয়া বলেন, ‘হাসপাতালে নেওয়ার সময় শামীম আমাকে বলেছে, অনেক দিন ধরে তার কাছে চাঁদা চাওয়া হচ্ছিল। না দেওয়ায় সাব্বির তাকে গুলি করেছে।’