চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) বিদেশি মালিকানাধীন তাঁবু ও পোশাক তৈরির কারখানা এইচকেডি লিমিটেডের ভল্ট থেকে ১ কোটি ২১ লাখ টাকা খোয়া গেছে। গতকাল বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটার দিকে চুরির ঘটনা ঘটে।
কারখানা ও পুলিশ সূত্র জানায়, ভল্টের ভেতরে ১ কোটি ৩০ লাখ টাকা ছিল। ভল্টের বাইরে ছড়ানো-ছিটানো অবস্থায় নয়
লাখ টাকা পাওয়া গেছে। বাকি ১ কোটি ২১ লাখ টাকা খোয়া গেছে। এ ঘটনায় কারখানার দুই পালায় কর্মরত ১৬ দারোয়ানকে ইপিজেড থানায় জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। টাকা চুরির ঘটনায় এইচকেডি লিমিটেডের মানবসম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক রাইসুল ইসলাম চৌধুরী মামলা করেন।
রাইসুল ইসলাম চৌধুরী ঘটনার বর্ণনা দিয়ে প্রথম আলোকে জানান, চুরির সময় দারোয়ানেরা দায়িত্ব পালন করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি থলে পাওয়া যায়। একটির মধ্যে ভল্ট ভাঙার জন্য ব্যবহৃত যন্ত্রপাতি এবং বাকি দুটি থলেতে নয় লাখ টাকা ছিল। তিনি বলেন, ‘যে ভল্টটি ভাঙা হয়েছে, তা জাপান থেকে আনা হয়েছিল। ভল্ট ভাঙার ধরন দেখে আমরা বিস্মিত।’
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোশতাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বুধবার দিবাগত রাতে চোর কারখানায় প্রবেশ করে। আমরা কারখানার সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ভিডিও রেকর্ড পরীক্ষা করছি। এ ঘটনায় কোনো দারোয়ানের সম্পৃক্ততা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর ফুটেজ দেখে চোর শনাক্ত করার কাজ চলছে।’
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, কারখানার ১৬ দারোয়ানকে জিজ্ঞাসাবাদ চলছে। কর্তব্যরত দারোয়ানেরা জানিয়েছেন, চুরির ঘটনা টের পেয়ে তাঁরা ভল্টের কাছে গিয়ে চোরদের ধাওয়া দেন। এ সময় চোরেরা নয় লাখ টাকা ফেলে বাকি টাকা নিয়ে দ্রুত চলে যায়। দারোয়ানদের এ বক্তব্য যাচাই করে দেখা হচ্ছে।