কারখানার শ্রমিকদের বেতনের ৭২ লাখ টাকা লুট
গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজারের জাঝর এলাকা থেকে একটি কারখানার শ্রমিকদের বেতনের ৭২ লাখ টাকা লুট করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ওই সময় ছিনতাইকারীদর আঘাতে তিনজন আহত হয়েছেন।
কারখানা কর্তৃপক্ষ ও গাজীপুর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, জাঝর এলাকায় নার সোয়েটার লিমিটেড নামে একটি সোয়েটার কারখানা আছে। কারখানার হিসাবরক্ষক সাইফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আব্বাস আলী ও মাইক্রোবাসের চালক সাইফুল ইসলাম উত্তরার ইসলামী ব্যাংক থেকে এক কোটি ৪৯ লাখ টাকা তোলেন। ওই টাকা তাদের দুটি কারখানার শ্রমিকদের বেতনের জন্য তোলা হয়েছিল। সেখান থেকে একটি কারখানার শ্রমিকদের বেতনের টাকা রেখে ৭২ লাখ টাকা নিয়ে গাজীপুরের জাঝর এলাকায় নার সোয়েটার কারখানার উদ্দেশে রওয়ানা দেন তাঁরা। টাকাসহ তাঁদের মাইক্রোবাস (ঢাকা মেট্রো ব-১১-৭২৭৩) নিয়ে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজীপুরের জাঝর এলাকায় পৌঁছালে অপর একটি মাইক্রোবাস তাঁদের সামনে থেকে গতিরোধ করে। পরে ওই মাইক্রোবাস থেকে ৪-৫ জন ছিনতাইকারী নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে কারখানার ওই মাইক্রোবাসের সবাইকে জিম্মি করে টাকার ট্রাঙ্কসহ তাদের মাইক্রোতে তোলে নেয়। পরে ছিনতাইকারীরা রাত সাড়ে আটটার দিকে ঘোড়াশাল ব্রীজের পাশে তাদের মারধর করে ফেলে রেখে ৭২ লাখ টাকার টাংকসহ আরেকটি মাইক্রোবাসে করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত ওই তিনজনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেছেন।
কারখানার বাণিজ্যিক কর্মকর্তা গোলাম হোসেন ওরফে ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁদের কারখানায় এক হাজার শ্রমিক আছে। আগামীকাল বৃহস্পতিবার তাদের বেতন দেওয়ার জন্য ওই টাকা কারখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারীরা শ্রমিকের বেতনের ৭২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাত ১০টা পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রথম আলো কে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করা হলে প্রকৃত ঘটনা জানা যাবে।