কারখানায় সন্ত্রাসী হামলা, ছয়জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার নাওজোড় এলাকায় গত বুধবার রাতে এক পোশাক কারখানায় সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ট্রেন্ড ফোর্স গার্মেন্টস নামের ওই কারখানার মহাব্যবস্থাপকসহ ছয়জন আহত হয়েছেন।
কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, গাজীপুর সদর উপজেলার নাওজোড় এলাকায় বুধবার রাতে ট্রেন্ড ফোর্স গার্মেন্টস কারখানার ভবনের মালিক মঞ্জুর আলম লোকজন নিয়ে হামলা চালান। এ সময় তাঁরা কারখানার গেট ও কাচ ভাঙচুর করেন। একপর্যায়ে সন্ত্রাসীরা কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল হাসেমের ওপর হামলা চালিয়ে নগদ সাড়ে ছয় লাখ টাকা, সুতা ও তৈরি পোশাক লুট করে। এ সময় বাধা দিতে গেলে কারখানার মহাব্যবস্থাপক আনোয়ার সাদতের ওপর হামলা চালানো হয়। এতে তাঁর বাঁ হাতের হাড়ে ফাটল দেখা দিয়েছে। এ সময় কারখানার শ্রমিক মোক্তারসহ চারজন আহত হন।
ভবনের মালিক মঞ্জুর আলম বলেন, ‘কারখানায় টাকা ও মালামাল লুটের কোনো ঘটনা ঘটেনি। কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল হাসেম আমার ভবনের ভাড়ার টাকা থেকে প্রতি মাসে আমার আয়করের টাকা ট্রেজারি চালানের মাধ্যমে ব্যাংকে পরিশোধ করেন। গত তিন মাসে তিনি ওই টাকা পরিশোধের চালানের রসিদ আমাকে দেননি। ওই রসিদ চাইতে গেলে হাসেম আমার লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় আমার গাড়িচালকসহ দুজন এর প্রতিবাদ করলে তাঁদের ধরে কারখানায় আটকে রেখে মারধর করা হয়। পরে এলাকার লোকজন কারখানা থেকে ওই দুজনকে উদ্ধার করেন।’