ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম দুই ধাপের মতো তৃতীয় ধাপেও যথেচ্ছ কারচুপি ও জোর করে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। তারা বলেছে, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারি দলের অপকর্মে বাধা না দিয়ে বরং সহযোগিতা করেছে।
গতকাল শনিবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে দেখা করে এই অভিযোগ করে।
সিইসির সঙ্গে দেখা করার পর নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, সারা দেশে জোর করে কেন্দ্র দখল করে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ব্যালট বাক্স ভরা হয়েছে। নির্বাচনে জেতার জন্য সরকারি দলের প্রার্থীরা যা যা করা দরকার, সবই করেছেন। সরকারি দল জবরদস্তি করে বিজয়ী হচ্ছে, আর ইসি সাক্ষী গোপালের মতো বসে আছে।
নজরুল ইসলাম খান আরও বলেন, প্রথম দুই ধাপের ইউপি নির্বাচন নিয়ে বিএনপি আগেও অভিযোগ করেছিল। কমিশনকে ব্যবস্থা নিতে বলেছিল। এবারও একই অভিযোগ করা হয়েছে। কমিশন বলেছে, এ ধরনের অভিযোগ তাদের কাছেও আছে। তারা বলেছে, ব্যবস্থা নিয়েছে। আর বিএনপি জেনেছে, মাত্র কয়েকটি জায়গায় তারা ব্যবস্থা নিয়েছে, যা নির্বাচনের ফলাফলে কোনো প্রভাব ফেলবে না। নোয়াখালীর চাটখিলে ৬২টি কেন্দ্রের সবই দখল হয়ে গেছে। কমিশন বন্ধ করেছে মাত্র চারটি।