কারচুপির অভিযোগ, আ.লীগ প্রার্থী জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ককটেল বিস্ফোরণ, ধাওয়া–পাল্টাধাওয়া ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনার মধ্য দিয়ে গতকাল রোববার জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ–সমর্থিত মেয়র প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ তুলে বিএনপি–সমর্থিত মেয়র প্রার্থী এ কে এম মুসা নির্বাচন বর্জন করেছেন। নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী মো. নুরুন্নবী অপু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, নুরুন্নবী পেয়েছেন ১০ হাজার ৪৪৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহনেওয়াজ শাহানশাহ (চশমা) পেয়েছেন ছয় হাজার ২৪০ ভোট। সংরক্ষিত মহিলা আসনে তিন হাজার ৩৮২ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মরিয়ম বেগম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিনা খান পেয়েছেন দুই হাজার ৫৯৪ ভোট।
দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র ও একটি মহিলা কাউন্সিলরের শূন্য পদে গতকাল উপনির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুরে দেওয়ানগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই সময় একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
এ কে এম মুসা বেলা দুইটায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ করে বলেন, ‘জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা, ভাড়াটে সন্ত্রাসী ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা দুপুর ১২টার পরই ছয়টি কেন্দ্র দখল করে নেয়। এ সময় তারা সাধারণ ভোটারদের কেন্দ্র থেকে বের করে দিয়ে জাল ভোট দেয়। এ সময় আমার পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। কেন্দ্র দখল ও জাল ভোট দিচ্ছে এমন অভিযোগ প্রশাসনের লোকজনকে বারবার জানানোর পরও তাঁরা কোনো ব্যবস্থা নেননি।’
এ অভিযোগের বিষয়ে নবনির্বাচিত মেয়র নুরুন্নবীর সঙ্গে কথা বলার জন্য তাঁর মুঠোফোনে ফোন দিলেও তিনি তা ধরেননি।
দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, বিএনপি–সমর্থিত প্রার্থী পরাজয়ের ভয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করেছেন।