কারচুপির অভিযোগ কয়েকটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৩৭৭টি উপজেলা পরিষদে গতকাল সোমবার সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোট হয়েছে। এর মধ্যে কয়েকটিতে ভোট কারচুপির অভিযোগ পাওয়া গেছে।
পৌরসভা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত মহিলা সদস্যরাই এই নির্বাচনে প্রার্থী ও ভোটার।
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ উঠেছে। ব্যালট পেপারে দুটি করে সিল মেরে ১০টি ব্যালট বাতিল করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে এ নির্বাচন হয়। উপজেলা পরিষদের সংরক্ষিত দুটি মহিলা সদস্য পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ১ আসনে তিনজন ও ২ আসনে তিনজন প্রার্থী ছিলেন। ১৫ জন ভোটারের সবাই ভোট দেন। নির্বাচনে ১ আসনে মল্লিকা বিশ্বাস ও ২ আসনে শিরিন বেগম নির্বাচিত হন। ১ আসনে মল্লিকার সঙ্গে বেবী বেগম তিন ভোটের ব্যবধানে হারেন। এ আসনে ছয়টি ভোট বাতিল হয়। অপর দিকে ২ আসনে শিরিন আক্তারের সঙ্গে আকতারুন নাহার দুই ভোটের ব্যবধানে হারেন। ভোট বাতিল হয় চারটি।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ও কয়েকজন ভোটার অভিযোগ করেন, সোমবার (গতকাল) সকাল আটটায় ভোট গ্রহণ শুরুর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার ভোটারদের ডেকে ১ আসনে মল্লিকা বিশ্বাস এবং ২ আসনে শিরিন বেগমকে ভোট দিতে বলেন। এ সময় ১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেবী আক্তার প্রকাশ্যে ভোট প্রদানের বিরোধিতা করলে গোপন কক্ষে ভোট নেন প্রিসাইডিং কর্মকর্তা। এরপর ফলাফলে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা পরাজিত হলে আওয়ামী লীগের নেতারা ১ আসনের বেবী আক্তার ও ২ আসনের আকতারুন নাহারের কয়েকটি ব্যালট পেপারে দুটি করে সিল মারেন। দুটি সিল মারায় ব্যালটগুলো বাতিল হয়। এরপর আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নির্বাচনে আমরা (আওয়ামী লীগের নেতা) ভোটারদের কোনোভাবে প্রভাবিত করিনি। ব্যালটে দুটি সিল মারার অভিযোগ সঠিক নয়।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউসুফ হারুন অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবে ১০টি ব্যালটে দুটি করে সিল মারা প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাঁচজন সদস্য পদের ৪৫ ভোটের ১২টিই বাতিল ঘোষণা করা হয়েছে। সদর ও আলমডাঙ্গার তিনজন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দামুড়হুদার নতিপোতা ইউনিয়ন ভেঙে সম্প্রতি নতিপোতা ও নাটুদহ নামে দুটি ইউনিয়নে বিভক্ত হওয়ায় সেখানে গতকাল ভোট গ্রহণ করা হয়নি।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, পূর্ণাঙ্গ ফলাফল নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। সমান ভোট পাওয়া দুটি আসনসহ নতিপোতা ও নাটুদহ ইউনিয়নে ভোট গ্রহণের জন্য কমিশনে অনুমতি চাওয়া হয়েছে।
[প্রতিবেদন তৈরি করতে তথ্য দিয়েছেন চুয়াডাঙ্গা ও মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধি]