কারণ কীটনাশকের সহজলভ্যতা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গত আট মাসে ১৩ জন আত্মহত্যা করেছেন। এ ছাড়া কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছেন আরও ১১৭ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
স্থানীয় অনেকের অভিযোগ, এই উপজেলায় সহজে কীটনাশক কেনা যায়। আর এ কারণে অনেকেই পারিবারিক কলহের জেরে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, আত্মহত্যার চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন রয়েছে। বাংলাদেশ দণ্ডবিধির ৩০৯ ধারায় আত্মহত্যার চেষ্টাকারীকে সর্বোচ্চ এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার বিধান আছে। কিন্তু এ ব্যাপারে পুলিশের কাছে কেউ অভিযোগ দেন না। এ কারণে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায় না। আত্মহত্যা ও আত্মহত্যার চেষ্টা রোধে সবাইকে এগিয়ে আসতে হবে।
আত্মহত্যার চেষ্টা করেছিলেন এমন একজন গৃহবধূ নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ফসলের খেতে দেওয়ার জন্য তাঁদের ঘরে কীটনাশক রাখা ছিল। একদিন শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ঝগড়ার পর ক্ষোভে-অভিমানে তিনি ওই কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন।
দুজন কলেজ শিক্ষার্থী বলেন, বাবা-মা বকাবকি করায় অভিমানে তাঁরা আত্মহত্যার চেষ্টা করেন।
কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১৯ জন পাইকারি ও ২৭৭ জন খুচরা ব্যবসায়ীর কীটনাশক বিক্রয়ের অনুমোদনপত্র (লাইসেন্স) আছে।
খুচরা কীটনাশক ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. হেদায়েত উল্লা বলেন, তাঁরা কেবল কৃষকের কাছেই কীটনাশক বিক্রি করেন। অনেক কৃষক তাঁদের ছেলেদের কীটনাশক কিনতে দোকানে পাঠান। সন্দেহ হলে ওই ছেলেদের কাছে কীটনাশক বিক্রি করেন না।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার বলেন, বাজারে কীটনাশক সহজলভ্য। এ কারণে পারিবারিক কলহের জেরে অনেকে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন। কীটনাশক বিক্রিতে কড়াকড়ি আরোপ করা দরকার।
উপজেলা কৃষি কর্মকর্তা জহির আহমেদ বলেন, ‘কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা বা আত্মহত্যা করার বিষয়টি আমাদের জানা নেই। এরপরও সবার কাছে কীটনাশক বিক্রি না করার বিষয়ে পাইকারি ও খুচরা বিক্রেতাদের সতর্ক করা হবে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্ট্রি খাতা ঘেঁটে দেখা গেছে, উপজেলার উত্তর চরবংশী, দক্ষিণ চরবংশী, উত্তর চর আবাবিল ও দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। গত ২৭ জুলাই পারিবারিক কলহের জেরে চর আবাবিল গ্রামের এক দম্পতি কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন।
উত্তর চর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল খালেক ও দক্ষিণ চর আবাবিল ইউপির চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, ওই চার ইউনিয়নের প্রায় ৮০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। এ জন্য অধিকাংশ বাড়িতে প্রায় সব সময় কীটনাশক থাকে।
রায়পুর থানা সূত্রে জানা গেছে, এই আট মাসে উপজেলার নয়জন নারীসহ ১৩ জন আত্মহত্যা করেন। তাঁদের মধ্যে চারজন কীটনাশক পানে এবং সাতজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এসব ঘটনায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।