কারণ নিম্নমানের কাজ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় নির্মাণাধীন বিদ্যালয় ভবনের ধসে পড়া সিঁড়ি গতকাল রোববার পরিদর্শন করেছে এলজিইডির যশোর আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী দল। নমুনা সংগ্রহের পর দলটির প্রধান বলেছেন, নিম্নমানের কাজের কারণেই সিঁড়িটি ধসে পড়েছে।

উপজেলার নওপাড়া গ্রামের নবীনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সিঁড়িটি গত শনিবার ধসে পড়ে। গতকাল বিকেল চারটায় ঘটনাস্থল পরিদর্শনে আসা দলটির নেতৃত্বে ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) যশোর আঞ্চলিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিউল আলম। সদস্য হিসেবে ছিলেন একই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বিজন কুমার দাস ও মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন সরদার। এক ঘণ্টা পরিদর্শন শেষে তাঁরা চলে যান।

এলাকার কয়েকজন বলেন, প্রকৌশলীদের দলটি ওই সিঁড়িসহ ভবনটি ঘুরে ঘুরে দেখে। তারা নির্মাণের ব্যবহৃত ইট, বালু, সিমেন্টসহ কিছু নমুনা নিয়ে যায়। ধসে পড়া সিঁড়িটি ভেঙে পুনরায় নির্মাণের জন্য শ্রমিকদের নির্দেশ দেয়।

তবে ঘটনাস্থলে জড়ো হওয়া লোকজন পুরো ভবনটি ভেঙে নতুন করে নির্মাণের দাবি জানান। পাশাপাশি নির্মাণকাজে ঠিকাদারদের নানা অনিয়মের বিষয়ে ওই প্রকৌশলীদের কাছে অভিযোগ তুলে ধরেন।

জানতে চাইলে প্রকৌশলী শফিউল আলম সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কাজ নিম্নমানের হয়েছে। এ জন্য (সিঁড়িটি) ধসে পড়েছে। ধসে পড়া অংশ ভেঙে ফেলতে বলা হয়েছে। ধসে পড়া অংশের নমুনা সংগ্রহ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সেগুলো পরীক্ষা করানো হবে। পুরো ভবন ঠিক আছে কি না, সেটাও দেখা হবে। এ জন্য ঢাকা থেকে আরও একটি তদন্ত দল অচিরেই ঘটনাস্থলে যাবে।

শ্রমিকের নামে জিডি

প্রায় ৬৩ লাখ ৫২ হাজার ৫০০ টাকা ব্যয়ে নবীনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি নির্মিত হচ্ছে। কুষ্টিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান তামান্না এন্টারপ্রাইজ গত বছর নির্মাণের কার্যাদেশ পায়। তবে তারা মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঠিকাদার এম এ খালেকের কাছে কাজটি বিক্রি (সাব কন্ট্রাক্ট) করে দেয়। এম এ খালেকের সঙ্গে স্থানীয় ঠিকাদার মোনায়েম হোসেন মিলে ভবনটি নির্মাণ করছেন।

তবে গতকাল পর্যন্ত ঠিকাদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় এলজিইডি। বরং নির্মাণকাজে নিযুক্ত শ্রমিকদের প্রধান রফিকুল ইসলামকে আসামি করে গত শনিবার সন্ধ্যায় গাংনী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে উপজেলা প্রকৌশলীর কার্যালয়।

রফিকুল ইসলাম বলেন, জিডির বিষয়ে তিনি কিছু জানেন না। ঠিকাদার যেভাবে কাজ করতে বলেছেন, তিনি সেভাবেই করেছেন।

নির্মাণকাজের ঠিকাদার প্রভাবশালী রাজনীতিক হওয়ায় কাজের মান নিয়ে আগে কেউ প্রতিবাদ করার সাহস পাননি। এখন সিঁড়ি ধসে পড়ার পরও ঠিকাদারেরা রেহাই পেয়ে যেতে পারেন বলে এলাকার কয়েকজন আশঙ্কা প্রকাশ করেন।

তবে গাংনী উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক বলেন, কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। আরও তদন্ত করা হবে। তারপর জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঠিকাদারদের বাদ দিয়ে শ্রমিকের নামে জিডি করা প্রসঙ্গে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে শ্রমিকের নামে জিডি করা হয়েছে।