কারণ নিশ্চিত নয় পুলিশ, গ্রেপ্তারও হয়নি কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানাধীন দনিয়ার পাটেরবাগে কুপিয়ে শিশু সোহেলীকে (১২) হত্যা এবং তার মা-বোনসহ তিনজনকে আহত করার কারণ সম্পর্কে পুলিশ গতকাল বুধবারও নিশ্চিত হতে পারেনি। পুলিশ বলছে, হামলাকারী ছিল দুই কিশোর। তবে তাদের গতকাল পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি।
গত মঙ্গলবার সন্ধ্যায় দুর্বৃত্তরা পাটেরবাগের একটি বাড়ির দোতলায় ইতালিপ্রবাসী আবদুল হান্নান মৃধা ওরফে সেলিমের বাসায় ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে তাঁর মেয়ে সোহেলীকে হত্যা করে। হামলায় আহত সোহেলীর মা সাহিদা মৃধা (৪০) গ্রিন রোডের বেসরকারি হাসপাতাল গ্রীনলাইফে, তার বোন সাহারা মৃধা (৭) শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ও প্রতিবেশী প্রকৌশলী জালাল আহমেদ (৩৫) একটি হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে সোহেলীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। জানাজা শেষে তার লাশ দুপুরে জুরাইন কবরস্থানে দাফন করা হয়।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, হাসপাতালে থাকা সাহিদা সুস্থ হয়ে উঠলে তাঁর সঙ্গে কথা বললে হামলার কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।