রাজধানীর রায়েরবাগে নিজ বাড়িতে গৃহবধূ আনোয়ারা বেগম ওরফে মণি (৪৭) হত্যার কারণ সম্পর্কে গতকাল সোমবার পর্যন্ত কোনো ধারণা পায়নি পুলিশ। হত্যার ঘটনায় কোনো মামলাও হয়নি। পুলিশ জানিয়েছে, নিহত গৃহবধূর স্বামী সৌদি আরব থেকে ফিরলেই মামলা হবে।
রায়েরবাগের জনতাবাগে গত রোববার আনোয়ারা বেগমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। খবর পেয়ে কদমতলী থানার পুলিশ রাত ১১টার দিকে ছয়তলা বাড়ির চতুর্থ তলার বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে।
নিহত গৃহবধূর ভাই নাজমুল হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর ভগ্নিপতি (জয়নাল আবেদীন) সৌদি আরব থেকে ফেরার পর তাঁরা লাশ দাফন ও মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সোমবার দিবাগত রাত দুইটায় জয়নালের বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে। তিনি বলেন, ‘কেন আপাকে খুন করা হলো সে বিষয়ে আমরা কোনো ধারণাই করতে পারছি না।’ তিনি জানান, ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তরের পর লাশ বারডেমের হিমঘরে রাখা হয়েছে।