কারা কর্তৃপক্ষের ভুলে তিন আসামি মুক্ত!
সুনামগঞ্জে দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলার তিন আসামিকে ছেড়ে দিয়েছে কারা কর্তৃপক্ষ। গত মঙ্গলবার কারাগার থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়। কারা কর্তৃপক্ষ বলছে, নিতান্তই ভুলে এ ঘটনা ঘটেছে।
ওই তিন আসামি সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের পাপলু (১৯), পাশের পাটিবাক গ্রামের রুমেন (২০) ও তারেক (১৮)। অবশ্য গতকাল বুধবার রুমেন ও পাপলুকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই তিনজন এলাকায় চুরি-ছিনতাইসহ নানা অপরাধে জড়িত। রোববার ভোরে পুলিশ তাঁদের আটক করে। এরপর দ্রুত বিচার আইনে মামলা দিয়ে ওই দিন বিকেলে তাঁদের আদালতে হাজির করা হয়। এরপর আসামিদের তিন দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা। আদালত গতকাল রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে রিমান্ড শুনানির সময় আসামিদের আদালতে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা ছাতক থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন শুনানির জন্য আদালতে উপস্থিত হন। কিন্তু কারাগার থেকে আসামিদের আদালতে আনা হয়নি। একপর্যায়ে তিনি কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, আসামিদের মঙ্গলবার সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক আজিজুল ইসলাম বলেন, কারাগারের কর্মকর্তারা মনে করেছেন, আদালত আসামিদের জামিন দিয়েছেন। তাই সন্ধ্যায় আসামিদের ছেড়ে দেন তাঁরা। তিনি আরও বলেন, ভুলের কারণেই ঘটনাটি ঘটেছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বলেন, অন্যজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।