কারা ফটক থেকে আটক হুজির সদস্য
জামিনে মুক্তি পাওয়ার পরপরই কারা ফটক থেকে ফের আটক হলেন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য সালাউদ্দিন হোসাইন ভূঁইয়া। গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে তাঁকে আটক করে সীতাকুণ্ড থানার পুলিশ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ জাহেদুল আলম জানান, ২০১০ সালের ১৩ ডিসেম্বর রাউজান উপজেলার রাবারবাগান গোদারপাড় এলাকার পাহাড়ে অভিযানে চালিয়ে সালাউদ্দিনসহ আটজনকে আটক করে র্যাব-৭। এ ঘটনায় রাউজান থানায় বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
র্যাবের দাবি, গ্রেপ্তার আটজনই হরকাতুল জিহাদের সদস্য।
গ্রেপ্তারের পরদিনই ওই আটজনকে কারাগারে পাঠানো হয়। এরপর উচ্চ আদালত থেকে জামিননামা পাওয়ার পর যাচাই-বাছাই করে সালাউদ্দিনকে গতকাল সন্ধ্যায় মুক্তি দেওয়া হয়।
আটকের কথা স্বীকার করে সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান জানান, সালাউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।