কারা ফটক থেকে ফের গ্রেপ্তার সেলিম ভূঁইয়া
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জামিন এবং আপিল বিভাগ তা বহাল রাখার পর কারাগার থেকে ছাড়া পেয়েছিলেন শিক্ষকনেতা মো. সেলিম ভূঁইয়া। কিন্তু কাশিমপুর কারাগারের ফটক থেকে তাঁকে ফের গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানার পুলিশ। গতকাল রোববার বিকেল পৌনে পাঁচটায় তাঁকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর প্রথম আলোকে বলেন, ওই এলাকায় গাড়ি পোড়ানোর অন্য কোনো মামলায় তাঁর সম্পৃক্ততা থাকতে পারে। তবে কোন মামলা, তা নির্দিষ্ট করে তিনি বলেননি।
সেলিম ভূঁইয়া বিএনপিপন্থী বেসরকারি শিক্ষকদের সংগঠন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি এবং এ কে হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। কলেজটি সাম্প্রতিক সময়ে ভালো করছে। আওয়ামী লীগের সাংসদ হাবিবুর রহমান মোল্লা প্রতিষ্ঠানটির সভাপতি। সেলিম ভূঁইয়া গ্রেপ্তার হওয়ার পর কলেজ পরিচালনা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়, জামিন পাওয়ার পর তিনি যখন চাইবেন, তখনই কলেজে যোগ দিতে পারবেন।
জানতে চাইলে সেলিম ভূঁইয়ার আইনজীবী জয়নাল আবেদিন বলেন, সাম্প্রতিক সময়ে অধিকাংশ মামলার ক্ষেত্রে জামিন পেলেও আসামি ছাড়া পাচ্ছেন না। বরং পুরোনো মামলায় গ্রেপ্তার করা বা পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনা ঘটছে, যার আরেকটি দৃষ্টান্ত সেলিম ভূঁইয়া।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাকির হোসেন বলেন, একজন শিক্ষকনেতাকে এভাবে মাসের পর মাস গাড়ি পোড়ানোর মিথ্যা মামলায় আটকে রাখার বিষয়টি দুঃখজনক ও নিন্দনীয়।