কারা ফটকে আবার গ্রেপ্তার সেলিম ভূঁইয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জামিন এবং আপিল বিভাগ তা বহাল রাখার পর কারাগার থেকে ছাড়া পেয়েছিলেন শিক্ষক নেতা মো. সেলিম ভূঁইয়া। কিন্তু কাশিমপুর কারাগারের ফটক থেকে তাঁকে ফের গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানার পুলিশ। আজ রোববার বিকেল পৌনে পাঁচটায় তাঁকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর প্রথম আলোকে বলেন, ওই এলাকায় গাড়ি পোড়ানোর অন্য কোনো মামলায় তাঁর সম্পৃক্ততা থাকতে পারে। তবে কোন মামলা, তিনি তা নির্দিষ্ট করে বলেননি।
সেলিম ভূঁইয়া বিএনপিপন্থী বেসরকারি শিক্ষকদের সংগঠন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি এবং এ কে হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। কলেজটি সাম্প্রতিক সময়ে ভালো ফলাফল করছে। আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা প্রতিষ্ঠানটির সভাপতি। সেলিম ভূঁইয়া গ্রেপ্তার হওয়ার পর কলেজ পরিচালনা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়, জামিন পাওয়ার পর তিনি যখন চাইবেন, তখনই কলেজে যোগ দিতে পারবেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে সেলিম ভূঁইয়ার আইনজীবী জয়নাল আবেদিন প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সময়ে অধিকাংশ মামলার ক্ষেত্রে জামিন পেলেও আসামি ছাড়া পাচ্ছেন না। বরং পুরোনো মামলায় গ্রেপ্তার করা বা পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনা ঘটছে, এ ঘটনা তার আরেকটি দৃষ্টান্ত।
সেলিম ভূঁইয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, পুলিশ গত ২৪ জানুয়ারি সেলিম ভূঁইয়াকে গ্রেপ্তার করে। পরদিন তাঁকে গাড়ি পোড়ানোর তিনটি মামলায় আসামি করে কারাগারে পাঠানো হয়। এর পর ২২ জুন হাইকোর্ট তিনটি মামলায় তাঁকে জামিন দেন। সরকারপক্ষ জামিন বাতিলের আবেদন করলে চেম্বার জজ আগের আদেশ বহাল রেখে মামলাটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। ১৩ আগস্ট শুনানি শেষে জামিন বহাল রাখেন আপিল বিভাগ। জামিনের আদেশ কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাকির হোসেন বলেন, সেলিম ভূঁইয়ার মতো একজন স্বনামধন্য শিক্ষক নেতাকে এভাবে মাসের পর মাস গাড়ি পোড়ানোর মিথ্যা মামলায় আটকে রাখার বিষয়টি দুঃখজনক ও নিন্দনীয়।