কারাগার থেকে বের হওয়ার পরই গুলিতে একজন নিহত
জামিন পেয়ে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার পরপরই কারা ফটকের পাশে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন মো. হেমায়েত (২৭) নামের এক ব্যক্তি। গতকাল সোমবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হেমায়েত যশোর সদর উপজেলার মন্ডলগাতি এলাকার মো. জিন্নাতের ছেলে।
কারাগার ও পুলিশ সূত্র বলেছে, দুটি মামলায় জামিন পেয়ে হেমায়েত কারাগার থেকে বের হয়ে কারা ফটকের পাশের একটি চায়ের দোকানে যান। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। এ সময় কারারক্ষীরা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হেমায়েতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কারাগার সূত্র জানিয়েছে, বিস্ফোরক দ্রব্য আইনে তিনটি এবং বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় আরও ছয়টি মামলায় অভিযুক্ত হেমায়েত। গত ২০ এপ্রিল আদালত তাঁকে কারাগারে পাঠান। বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলায় জামিন পেয়ে গতকাল তিনি বের হন।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, ‘দুর্ধর্ষ হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েত কারা ফটকে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন। তাঁর বিরুদ্ধে ১০–১২টি মামলা রয়েছে। সন্ত্রাসীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাঁকে হত্যা করা হয়েছে। হেমায়েতের ওপর গুলি চালানো কয়েকজনকে চিহ্নিত করা গেছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাচ্ছে না।’