কারাগারে আসামির মৃত্যু, দুজন বরখাস্ত
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে গতকাল রোববার সকালে এক আসামির আত্মহত্যার খবর পাওয়া গেছে। তবে তাঁর পরিবারের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে।
নিহত এই আসামির নাম মোহাম্মদ জনী (২০)। তাঁর বাবার নাম মুক্তার হোসেন ওরফে ভুট্টু। বাড়ি রাজশাহী নগরের বুলনপুর এলাকায়।
এ ঘটনার পর দায়িত্ব অবহেলার কারণে প্রধান কারারক্ষী আমজাদ হোসেন ও কারারক্ষী শুকুর উল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তাদের দুজনসহ তিনজনের নামে বিভাগীয় মামলা হয়েছে। এ মামলায় অপর আসামি হলেন কারারক্ষী জয়নাল আবেদীন। গতকাল রোববার রাতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ জনীর মা সেলিনা বেগম বলেন, রাজশাহী পুলিশ লাইনে কর্মরত পুলিশ সদস্য বিকাশ ও স্থানীয় যুবক উত্তম তাঁর ছেলেকে চুরির মিথ্যা অভিযোগে পিটিয়েছেন। এ কারণেই তাঁর ছেলে মারা গেছে। তিনি বলেন, ওই দুজনের বিরুদ্ধে তাঁরা মামলা করবেন।
কারাধ্যক্ষ (জেলার) শাহাদাত হোসেন জানান, রোববার সকালে আসামিদের যখন বের করা হয়, তখন জনীও বের হন। সবার নজর এড়িয়ে তিনি একটি জামরুলগাছের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে পড়েন। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, তাঁকে গাছ থেকে নামানোর সময় তাঁর পকেট তল্লাশি করে তাঁর স্ত্রীর তালাকনামা পাওয়া গেছে। গত ২৯ জুন স্ত্রী তাঁকে তালাক দিয়েছেন। তাঁরা ধারণা করছেন, নানামুখী মানসিক যন্ত্রণায় তিনি আত্মহত্যা করেছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, কারাগার থেকে আত্মহত্যার কথা বলে যে ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল, তাঁকে চিকিৎসক মৃত অবস্থায় পেয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া এ বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না।
রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক মাহাফুজুল হক ওই ব্যক্তির ময়নাতদন্ত সম্পন্ন করেছেন। জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে তিনি আত্মহত্যার প্রমাণ পেয়েছেন।
এ ব্যাপারে বিকাশের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ওই গণপিটুনির কারণে তো সে আর মরেনি। গত শুক্রবার চুরির দায়ে গণপিটুনির সময় পুলিশ তাঁকে উদ্ধার করে। গত শনিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।