কারাগারে ঢোকার আগে চীনা, বেরিয়ে ব্রিটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত মাস আগে চট্টগ্রাম শহরের আগ্রাবাদে ছিনতাইয়ের শিকার হন এক চীনা নাগরিক। এ ঘটনায় গ্রেপ্তার করা হয় মোহাম্মদ সেলিম নামের এক ব্যক্তিকে। মাসখানেক কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে আসেন তিনি। গতকাল শনিবার তাঁকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। এবার তাঁর ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্রিটিশ নাগরিক। 

এবার অবশ্য সেলিম একা ছিনতাই করেননি। তাঁর সঙ্গে ছিল আরও দুজন। গতকাল সকালে টাইগারপাস এলাকা থেকে সেলিমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সেলিম পেশাদার ছিনতাইকারী। চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারীদের তালিকায় তাঁর নাম রয়েছে। তাঁর বাড়ি সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকায়। তিনি থাকেন চট্টগ্রামের হালিশহরের ফইল্লাতলী এলাকায়। তাঁর বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে।
পুলিশ সূত্র জানায়, ২১ ফেব্রুয়ারি সকাল পৌনে আটটায় খুলশী থেকে রিকশায় জিইসি মোড়ে যাওয়ার সময় এমইএস কলেজের সামনে ছিনতাইয়ের শিকার হন জুলিয়া ডেভিস। অটোরিকশা থেকে তাঁর ব্যাগ টান দিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। ব্যাগের ভেতরে ছিল একটি ক্যামেরা ও চশমা। জুলিয়া ডেভিস চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের কর্মকর্তা। ছিনতাইয়ের ঘটনায় খুলশী থানায় মামলা হয়।
গতকাল গ্রেপ্তার হওয়া সেলিমের দুই সহযোগী হলেন অটোরিকশাচালক হেদায়েত উল্লাহ ও মো. মনসুর আলী। তাঁদের কাছ থেকে একটি এলজি ও দুটি চাপাতি পাওয়া গেছে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদ প্রথম আলোকে বলেন, সেলিম আট-নয় বছর ধরে চট্টগ্রাম শহরে ছিনতাইকারীদের একটি দলের নেতৃত্ব দিয়ে আসছেন। যতবার গ্রেপ্তার হন ততবারই জামিনে বেরিয়ে আবার একই কাজে জড়িয়ে পড়েন তিনি।
মির্জা সায়েম মাহমুদ আরও বলেন, এর আগে গত বছরের ১৮ জুলাই আগ্রাবাদের এক চীনা নাগরিকের ল্যাপটপ, দুই লাখ টাকা, এক হাজার মার্কিন ডলার ছিনতাই হয়েছিল। এ ঘটনায় গত বছরের ২১ আগস্ট সেলিম গ্রেপ্তার হন।
২০১১ সালের জুন মাসে প্রথম সেলিমকে গ্রেপ্তার করেছিল পুলিশ। প্রায় আড়াই বছর কারাভোগের পর ২০১৪ সালের ৫ ডিসেম্বর জামিনে মুক্তি পান তিনি। পরদিনই আরেকটি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হন তিনি। কিছুদিন কারাগারে থাকার পর আবার জামিনে বেরিয়ে আসেন। এরপর চীনা নাগরিকের মালামাল ছিনতাই হওয়ার ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। সর্বশেষ গ্রেপ্তার হলেন ব্রিটিশ নাগরিকের মালামাল ছিনতাইয়ের ঘটনায়।