কারাগারে থেকেই নির্বাচনে একরাম হত্যার প্রধান আসামি
ফেনীর বহুল আলোচিত ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ১০ জন প্রার্থী আজ রোববার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন ফুলগাজী উপজেলার নিহত চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার প্রধান আসামি ও জেলা তাঁতি দলের আহ্বায়ক মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে মিনার চৌধুরী।
মিনার চৌধুরী বর্তমানে একরাম হত্যা মামলায় কারাগারে রয়েছেন। বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে তিনি এ উপনির্বাচনে অংশ নেবেন।
হত্যা মামলার প্রধান আসামি হিসেবে কারাগারে থাকা সত্ত্বেও মিনার চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক প্রথম আলোকে বলেন, মনোনয়নপত্র বাছাইয়ের সময় অন্য কোনো গলদ পাওয়া না গেলে মিনার চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন।
এ উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। মনোনয়নপত্র জমা দেওয়া ১০ প্রার্থীর অন্যরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম, আওয়ামী লীগের নেতা মো. সেলিম, শেখ আবদুল্লাহ, ছেরাজল হক আজাদ, হারুনুর রশিদ মজুমদার, মো. মজিবুল হক, বিএনপির নেতা গোলাম রসুল মজুমদার ওরফে গোলাপ, সেলিনা আক্তার, জামাল উদ্দিন মজুমদার।
মনোনয়নপত্র বাছাইয়ের শেখ তারিখ আগামী ৩ সেপ্টেম্বর। ৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২১ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ২০ মে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় দুর্বৃত্তরা চেয়ারম্যান একরামুল হকের গাড়ির গতিরোধ করে তাঁকে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপির নেতা মিনার চৌধুরীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় পুলিশ এ পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করেছে।
মামলায় গ্রেপ্তার আসামিদের স্বীকারোক্তি ও তদন্ত শেষে গত বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তা বিএনপির নেতা মিনার চৌধুরী, আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির আদেল, জাহিদ চৌধুরী, জিয়াউল আলম মিস্টার, বেলাল হোসেন পাটোয়ারী, আবদুল্লাহ হিল মাহমুদ শিবলুসহ ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন।