কারাগারে হাজতিকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ জেলা কারাগারের ভেতরে এক হাজতিকে আছাড় দিয়ে হত্যা করেছেন আরেক হাজতি। রেজাউল ইসলাম (৪৫) নামের ওই ব্যক্তি গত বৃহস্পতিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রেজাউল শৈলকুপা উপজেলার ছোট-মৌকুড়ি গ্রামের বাসিন্দা। তিনি একটি হত্যা মামলার আসামি। ৫ সেপ্টেম্বর দুপুরে কারাগারের ভেতরে তাঁকে আছাড় মেরে গুরুতর আহত করেন শহীদুল ইসলাম (৪২) নামের আরেক হাজতি। তিনি নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে রয়েছেন। শহীদুলের বাড়ি ঝিনাইদহ সদরের মহিপুর। বাবার নাম নজির উদ্দীন।
ঝিনাইদহের জেল সুপার গোলাম হোসেন বলেন, রেজাউল ও শহীদুল ৫ সেপ্টেম্বর দুপুরে তুচ্ছ বিষয় নিয়ে কারাগারের ভেতরে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে শহীদুল তাঁর হাতে থাকা চামচ দিয়ে রেজাউলকে আঘাত করেন। এতে তাঁর একটি কান কেটে যায়। এরপর রেজাউলকে জাপটে ধরে মাটিতে আছাড় দেন শহীদুল। এতে গুরুতর আহত হন রেজাউল। তাঁকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
জেল সুপার গোলাম হোসেন জানান, এ ঘটনায় হাজতি শহীদুলকে আসামি করে তিনি ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা করেছেন। এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার জানান, থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। একমাত্র আসামি শহীদুলকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে রেজাউলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশের দাফন সম্পন্ন হয়েছে।