ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়ে মুঠোফোনের সিম কার্ড বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পল্লবী থানার পুলিশ গতকাল শুক্রবার তাঁদের ১০ জনকে এক দিন করে রিমান্ডে নেয়। তাঁদের মধ্যে আছেন দোকান মালিক, কর্মচারী, মুঠোফোন কোম্পানি বাংলা লিংকের পরিবেশক ও বাংলা লিংকের বিক্রয় প্রতিনিধি।
গত বুধবার দুপুরে র্যাব-৪-এর একটি দল পল্লবীর একটি রেস্তোরাঁ ভবনের সপ্তম তলায় বাংলা লিংকের পরিবেশক প্রতিষ্ঠান এম আর কমিউনিকেশনের কার্যালয়ে অভিযান চালিয়ে ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম কার্ড বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬১ জনকে আটক করে। তাঁদের কাছ থেকে ভুয়া তথ্য ও ছবি-সংবলিত ৬৩০টি গ্রাহক নিবন্ধন ফরম, ১৮৬টি ভুয়া এনআইডির প্রিন্ট কপি, ১৩৬টি মোবাইল ফোন, ৬টি ল্যাপটপ ও প্রিন্ট করা অসংখ্য ব্যক্তির ছবি উদ্ধার করা হয়। রাতে আটক ব্যক্তিদের পল্লবী থানায় সোপর্দ করা হয়।