ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়ে মুঠোফোনের সিম কার্ড বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পল্লবী থানার পুলিশ গতকাল শুক্রবার তাঁদের ১০ জনকে এক দিন করে রিমান্ডে নেয়। তাঁদের মধ্যে আছেন দোকান মালিক, কর্মচারী, মুঠোফোন কোম্পানি বাংলালিংকের পরিবেশক ও বাংলালিংকের বিক্রয় প্রতিনিধি।
গত বুধবার দুপুরে র্যাব-৪-এর একটি দল পল্লবীর একটি রেস্তোরাঁ ভবনের সপ্তম তলায় বাংলালিংকের পরিবেশক প্রতিষ্ঠান এম আর কমিউনিকেশনের কার্যালয়ে অভিযান চালিয়ে ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম কার্ড বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬১ জনকে আটক করে। তাঁদের কাছ থেকে ভুয়া তথ্য ও ছবি-সংবলিত ৬৩০টি গ্রাহক নিবন্ধন ফরম, ১৮৬টি ভুয়া এনআইডির প্রিন্ট কপি, ১৩৬টি মোবাইল ফোন, ৬টি ল্যাপটপ ও প্রিন্ট করা অসংখ্য ব্যক্তির ছবি উদ্ধার করা হয়। রাতে আটক ব্যক্তিদের পল্লবী থানায় সোপর্দ করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাদন ফকির গতকাল শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, আটক ৬১ জনের বিরুদ্ধে গতকাল র্যাব পল্লবী থানায় প্রতারণা ও জাল জালিয়াতির অভিযোগে মামলা করেছে। ওই মামলায় গতকাল ৬১ জনকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। তাঁদের মধ্যে দোকান মালিক, কর্মচারী, মুঠোফোন কোম্পানি বাংলালিংকের পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিসহ ১০ জনকে পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেককে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি ৫০ জনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
র্যাব-৪-এর পরিচালক খন্দকার লুৎফুল কবির বলেন, এটি বাংলালিংক অপারেটরের মিরপুর অঞ্চলের পরিবেশক প্রতিষ্ঠান। এই কার্যালয়ে তাদের কর্মচারীরা বিভিন্ন ব্যক্তির ছবি প্রিন্ট করা, ভুয়া ন্যাশনাল আইডি কার্ড বানানো এবং এসব ডকুমেন্ট ফাঁকা ফরমের সঙ্গে সংযুক্ত করছিল। সেখানে উপস্থিত বাংলালিংকের বিক্রয় প্রতিনিধি, পরিবেশক, পরিবেশকের বিক্রয় প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসা করলে বিস্তারিত তথ্য বেরিয়ে আসে।
র্যাব কর্মকর্তারা বলেন, এমআর কমিউনিকেশনের কাছ থেকে সিম কার্ড নিয়ে তাদের নিযুক্ত বিক্রয় প্রতিনিধি খুচরা বিক্রেতাদের কাছে বিক্রির জন্য দেয়। এ ক্ষেত্রে প্রত্যেক বিক্রয় প্রতিনিধির জন্য মাসিক একটি লক্ষ্যমাত্রা থাকে। খুচরা বিক্রেতা সিমটি যখন কোনো ক্রেতার কাছে বিক্রয় করেন তখন অনেক ক্ষেত্রে শুধু আঙুলের ছাপ, জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ নিয়েই সিমটি সচল করে দেয়। ফরম পূরণ করে না। নাম-ঠিকানা এবং অন্যান্য তথ্যাবলি থাকে অসম্পূর্ণ। খুচরা বিক্রেতা এসব অপূরণকৃত ফরমগুলো আবার বিক্রয় প্রতিনিধির মাধ্যমে পরিবেশকের কাছে জমা দেন। পরে পরিবেশক পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ ঠিক রেখে ভুয়া নাম-ঠিকানা ও ছবি ব্যবহার করে নিজেরাই জাতীয় পরিচয়পত্র বানায় এবং সে অনুযায়ী অপূরণকৃত ফরমটি সম্পূর্ণ পূরণ করে মূল অপারেটরের কাছে জমা দেয়।
র্যাব কর্মকর্তারা বলেন, জাতীয় পরিচয়পত্রের নম্বরের সঙ্গে নাম-ঠিকানা ও ছবি সঠিক কি না, তা যাচাইয়ের কোনো পদ্ধতি না থাকায় অপারেটর এ ভুলটি শনাক্ত করতে পারে না। ভুল ফরমটিই তাদের ডেটাবেইসে সংরক্ষণ করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো অপরাধ বা ঘটনার তদন্ত করতে গেলে এ ভুল এবং ভুয়া তথ্যের রেকর্ডই পেয়ে থাকে। যার কারণে মূল অপরাধী বা ব্যক্তিকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।