কারাফটক থেকে আটক তালিকাভুক্ত সন্ত্রাসী টেম্পু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামিনে মুক্তির পর কারা ফটক থেকে আটক করা হয়েছে তালিকাভুক্ত সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে টেম্পু ইসমাইলকে। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে তাকে আটক করে পুলিশ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মনির হোসেন প্রথম আলোকে বলেন হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১৮টি মামলায় উচ্চ আদালত ও নিম্ন আদালত থেকে টেম্পু ইসমাইলের জামিননামা কারাগারে আসে। সর্বশেষ চান্দগাঁও থানার একটি মামলায় জামিননামা আসায় তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর পুলিশ কারা ফটক থেকে তাকে ধরে নিয়ে যায়।
জানতে চাইলে চান্দগাঁও থানার পরিদর্শক তদন্ত শহীদুল ইসলাম জানান, সন্ত্রাসী টেম্পু ইসমাইলের ভয়ে এলাকার লোকজন ভীতসন্ত্রস্ত। কারা ফটক থেকে ইসমাইলকে আটক করা হয়েছে।