কারাফটকেই আটক জামায়াত-শিবিরের তিন নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার মামলায় জামিনে মুক্তির পর জামায়াত-শিবিরের তিন নেতাকে কারাফটক থেকে আবার আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাঁদের আটক করে কোতোয়ালি থানা-পুলিশ।

এই তিনজন হলেন নগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আহসান উল্লাহ, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সমাজকল্যাণ সম্পাদক এনামুল কবির ও শিবিরের চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মো. মোস্তফা।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ কারাধ্যক্ষ মো. জাহেদুল আলম প্রথম আলোকে বলেন, উচ্চ আদালত থেকে জামিননামা আসার পর যাচাই-বাছাই করে জামায়াত-শিবিরের তিন নেতাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নাশকতার মামলায় তাঁরা কারাগারে ছিলেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, কারাফটক থেকে জামায়াত-শিবিরের তিন নেতাকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা যাচাই-বাছাই করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।