আদালতে হাজিরা দিতে আসা বিএনপির যুগ্ম মহাসচিব কারাবন্দী আসলাম চৌধুরীর সঙ্গে সেলফি তোলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছেন দলের নেতা-কর্মীরা। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন তিনজন। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামের নতুন আদালত ভবন প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। তখন আসলাম চৌধুরী আদালত ভবন থেকে হেঁটে পুলিশি পাহারায় প্রিজন ভ্যানে উঠতে যাচ্ছিলেন। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
আহত তিনজন হলেন আনিস রহমান, মো. জুয়েল ও মো. তৌফিক। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে আনিসের অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসকেরা।
এর আগেও চট্টগ্রাম আদালতে আসলাম চৌধুরী হাজিরা দিতে এলে নেতা-কর্মীরা ভিড় জমাতেন। গত বছরের ১৫ মে ঢাকা থেকে বিএনপির এই নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে তাঁর যোগাযোগের অভিযোগ ওঠে। নাশকতা, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে ১০টির বেশি মামলা রয়েছে।
সীতাকুণ্ড থানার নাশকতার একটি মামলায় হাজিরা থাকায় আসলাম চৌধুরীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল সকালে আদালতে আনা হয় বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী। তিনি প্রথম আলোকে বলেন, আদালত ভবনের চতুর্থ তলায় জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দেওয়া শেষে দুপুর ১২টার দিকে আসলাম চৌধুরীকে কারাগারে নেওয়া হচ্ছিল। প্রিজন ভ্যানে তোলার আগে তাঁর অনুসারীরা মুঠোফোনে সেলফি তুলতে ব্যস্ত হয়ে যান। পুলিশ সদস্যরা তখন তাঁদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করেন। একপর্যায়ে আদালত প্রাঙ্গণে আসলাম চৌধুরীর অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় তিনজনকে ছুরিকাঘাত করা হয়। পরে দ্রুত আসলাম চৌধুরীকে প্রিজন ভ্যানে করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক দোকানদার বলেন, আদালত প্রাঙ্গণে সংঘর্ষ শুরু হলে বিচারপ্রার্থীরা এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন। পরে কোতোয়ালি থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু এর আগেই সংঘর্ষে জড়িয়ে পড়া কর্মীরা দ্রুত আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। থানায় এ নিয়ে কেউ অভিযোগ করেননি।