কারাবন্দীর অসুস্থতার খবর দিয়ে প্রতারণা
ময়মনসিংহ কারাগারের জেল সুপার ও চিকিৎসক পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র কারাবন্দী নান্দাইলের গাঙ্গাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের পরিবারের কাছ থেকে ৪৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। চক্রটি প্রতারণার ঘটনাটি শুরু করে গত শুক্রবার নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ূবুর রহমানের দাপ্তরিক মুঠোফোন নম্বরে ফোন দিয়ে।
কাজী আয়ূবুর রহমান বলেন, শুক্রবার বিকেল চারটা পাঁচ মিনিটে তাঁর সরকারি মুঠোফোনে ফোন করে এক ব্যক্তি ময়মনসিংহ কারাগারের জেল সুপার পরিচয় দেন। এরপর ওই ব্যক্তি তাঁকে জানান, কারাবন্দী ইউপি চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। এরপর ওই ব্যক্তি সংবাদটি চেয়ারম্যানের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলেন। পরে ওসি থানার পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশিদকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেন। পরিদর্শক হারুন বলেন, তিনি চেয়ারম্যানের পরিচিত গাঙ্গাইল এলাকার মো. রফিকুল ইসলামকে ঘটনাটি জানিয়ে ওই ফোন নম্বরটি (০১৭৯৮৩১০৫৮৩) তাঁকে দিয়ে যোগাযোগ করতে বলেন।
রফিকুল বলেন, তিনি ওই নম্বরে ফোন করলে ফোন ধরা ব্যক্তি নিজেকে জেল সুপার পরিচয় দিয়ে চেয়ারম্যানের অসুস্থতার বিষয়টি জানান। তিনি আরও দুটি নম্বর (০১৯৫৪০৩৮৭৯৩ ও ০১৯৬৯২৪১৬৫৩) দেন এবং ওই নম্বর দুটি সংশ্লিষ্ট চিকিৎসকের বলে জানান। এরপর রফিকুল একটি নম্বরে ফোন করলে এক ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে বলেন, গুরুতর অসুস্থ চেয়ারম্যানের ভর্তি ও চিকিৎসা ফি বাবদ ৬০ হাজার টাকা লাগবে। ইউপি চেয়ারম্যান হওয়ায় তাঁর জন্য ১৫ হাজার টাকা ছাড় পাওয়া যাবে। বাকি ৪৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে দ্রুত পাঠাতে বলেন তিনি। আশরাফুজ্জামানের পরিবারের লোকজন উল্লিখিত দুটি নম্বরে মোট ৪৫ হাজার টাকা পাঠিয়ে দেন। পরে যোগাযোগ করলে সবগুলো নম্বর বন্ধ পাওয়া যায়। গাঙ্গাইল ইউনিয়নের একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, নান্দাইল মডেল থানার পুলিশের গাফিলতির কারণে প্রতারকেরা এ ধরনের ঘটনা ঘটাতে পেরেছে।
নান্দাইল থানার ওসি কাজী আয়ূবুর রহমান বলেন, ‘থানা থেকে চেয়ারম্যানের অসুস্থতার সংবাদটি তাঁর পরিচিত লোককে জানিয়ে খোঁজখবর নিতে বলা হয়েছিল। ব্যস্ততার কারণে ফোনকলটি যাচাই করা সম্ভব হয়ে ওঠেনি। পরে শুনেছি, এটি প্রতারকদের কাজ।’
গতকাল শনিবার দুপুরে যোগাযোগ করা হলে ময়মনসিংহ কারাগারের কারাধ্যক্ষ শাহ রফিকুল ইসলাম বলেন, তিনি অনেক পরে প্রতারণার ঘটনাটি জেনেছেন। নিয়ম অনুসারে কোনো বন্দী বা কয়েদি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাঁর চিকিৎসার ব্যবস্থা করে। দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করার পর মানবিক কারণে বন্দীর পরিবারকে অসুস্থতার বিষয়টি জানানো হয়। বন্দী ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান কারাগারে সুস্থ আছেন।