কারারক্ষীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পঞ্চগড়ে ভারত থেকে চোরাইপথে আসা নেশাজাতীয় ইনজেকশন, মাদকদ্রব্যসহ পঞ্চগড় জেলা কারাগারের কারারক্ষীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে জেলার সদর উপজেলার ডুডুমারি দেওয়ানহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন পঞ্চগড় জেলা কারাগারের কারারক্ষী ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বোয়ালেরদারা এলাকার আবুল হোসেনের ছেলে বেলাল হোসেন (২৮) এবং পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বংশীধার এলাকার সোলেমান হকের ছেলে সাদ্দাম হোসেন (২২)। এ সময় তাঁদের কাছ থেকে ১৪০টি নেশাজাতীয় ভারতীয় ইনজেকশন ও দুই বোতল ফেনসিডিল এবং তাঁদের ব্যবহার করা একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।
পঞ্চগড় থানার এসআই কাইয়ুম আলী বলেন, মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন বাইসাইকেলে চড়ে দেওয়ানহাট সড়কে এসে নেশাজাতীয় ইনজেকশন ও ফেনসিডিল মোটরসাইকেল আরোহী কারারক্ষী বেলালের কাছে হস্তান্তর করেন। গোপন সংবাদের ভিত্তিতে এ সময় পুলিশ হাতেনাতে তাঁদের ধরে ফেলে। কারারক্ষী বেলাল অভিযান পরিচালনাকারী পুলিশ কনস্টেবল সফিকের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে কারারক্ষী বেলালসহ একটি চক্র জেলের ভেতরে ও বাইরে মাদক ব্যবসা করে আসছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা হয়েছে।