চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শেডের তত্ত্বাবধায়কের কার্যালয়ের স্টিলের আলমিরার তালা ভেঙে ১১ লাখ ৪৩ হাজার টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার দুপুরের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় গতকাল রোববার সন্ধ্যায় পতেঙ্গা থানায় মামলা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা শহীদুল ইসলাম বাদী হয়ে করা মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, কার্গো শাখার তত্ত্বাবধায়কের কক্ষের স্টিলের ড্রয়ার ভেঙে আনুমানিক ১১ লাখ ৪৩ হাজার টাকা চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, বিমানে আনা পণ্য রাখার জন্য গুদাম ভাড়ার টাকা কার্গো শেডের তত্ত্বাবধায়কের কক্ষে রাখা হয়। পরদিন ব্যাংকে তা জমা দেওয়া হয়। পূজার ছুটির আগের দিন গত বুধবার রাতে এই টাকা ড্রয়ারে রেখে যান কর্মকর্তারা। শনিবার কার্গো শেডের কার্যালয় খুলে কর্মকর্তারা দেখতে পান আলমিরার ড্রয়ার ভাঙা। তখনই টাকা চুরির বিষয়টি নজরে আসে কর্মকর্তাদের।
বিমানবন্দর এলাকায় সার্বক্ষণিক নিজস্ব নিরাপত্তাকর্মী রয়েছেন। এ ছাড়া আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। নিরাপত্তার জন্য সংরক্ষিত এই এলাকায় রয়েছে সিসিটিভি। এমন কড়া নজরদারির মধ্যে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।