টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের পানিশাইল টেংরাপাড়া এলাকার ইয়াসিন সৌদি আরবে গেছেন প্রায় দেড় বছর আগে। তাঁর বাবা হানিফ ১২ বছর ধরে সেখানেই থাকেন। হানিফের স্ত্রী রেজিয়া বেগম জানেন না ইয়াসিনের নাম খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় রয়েছে। রেজিয়া বলেন, ‘আমরা কিয়ের নিগা গরিবের হক মারুম। আমাগো ওই সবের দরকার ন্যাই। কোনো দিন চ্যাল আনতেও য্যাই ন্যাই।’
সরেজমিনে ওই ইউনিয়নে কার্ড পাওয়া ব্যক্তিদের তালিকা বিশ্লেষণ করে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এমনকি তালিকায় রয়েছে ধনী ও মৃত ব্যক্তিদের নাম।
টেংরাপাড়া এলাকার সাহেব খানের ছেলে মোসলেমও ১০ বছর ধরে সৌদিপ্রবাসী। তাঁরও নাম উঠেছে তালিকায়। তিনি মাঝালিয়া গ্রামে এক বছর আগে ৫ লাখ টাকায় ১০ শতক জমি কিনেছেন। ঢালাপাড়া এলাকার বাসিন্দা রাজন মজুমদার জানান, তাঁর দাদার চাচা জুরান মজুমদার প্রায় এক বছর আগে মারা গেছেন। তালিকায় তাঁর নামও রয়েছে। তৈরি পোশাককর্মী পানিশাইল দক্ষিণপাড়া এলাকার ফটিক কুমার জানেন না অথচ তালিকায় তাঁর নাম রয়েছে। ভুষুন্ডি গ্রামের আবদুল কদ্দুছ মিয়ার নাম রয়েছে তালিকায়। অথচ প্রায় তিন বছর আগে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন ইউপি সদস্য মতিয়ার রহমান।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শামীম কবির জানান, ভুয়া তালিকায় ইউপি চেয়ারম্যান ধনীদের চাল নেওয়ার সুযোগ করে দিয়েছেন। বিষয়টি প্রশাসনের কর্মকর্তাদের জানানোর পরও লাভ হচ্ছে না।
ইউপি সদস্য কাশেম আলী, মতিয়ার রহমান, আবুল হাসেম ও আমিনুর রহমান জানান, তাঁদের না জানিয়ে চেয়ারম্যান দরিদ্র ব্যক্তিদের তালিকা করেছেন।
কাশেম আলী অভিযোগ করেন, এ পর্যন্ত ডিলার তাঁদের এলাকায় তিনবার চাল বিক্রি করেছেন। তিনবারে ১ নম্বর ওয়ার্ডের ৭৫ জন করে মোট ২২৫টি কার্ডে চাল বিতরণের কথা। অথচ মাত্র ৩০-৩৫টি কার্ডে চাল পেয়েছেন তাঁর ওয়ার্ডের কয়েকজন।
ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন বলেন, ‘২০১১ সালের করা তালিকায় এক-দুজন মৃত ব্যক্তির নাম রয়েছে। তাঁদের পরিবারের সদস্যরা চাল পাচ্ছেন। ইউপি সদস্যসহ আমি নিজেও ওই তালিকার বিষয়ে খুব একটা জানি না। অনেকেই আক্রোশে নানা কথা বলতে পারেন। তবে হালনাগাদ তালিকার মাধ্যমে সামনে চাল বিতরণ খুবই স্বচ্ছ হবে।’
ইউএনও মো. মাসুম আহমেদ জানান, এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।