সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে ১০ টাকা কেজি দরের চালের সুবিধাভোগী মানুষের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে। তালিকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতার পাশাপাশি অবস্থাপন্ন ব্যবসায়ী ও প্রবাসীদের নামও আছে।
এ ছাড়া তালিকায় এমন ২৬ জনের নাম পাওয়া গেছে যাঁদের অস্তিত্বই পাওয়া যায়নি। সংশ্লিষ্ট লোকজনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আলতাফ হোসেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গত অক্টোবরে লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, সুবিধাভোগী লোকজনের জন্য নির্ধারিত ১ হাজার কার্ডের মধ্যে প্রায় ৩০০ কার্ডই রাজনীতিকসহ অবস্থাপন্ন ব্যক্তিরা পেয়েছেন।
গত ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকা কেজিতে চাল বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। হতদরিদ্র মানুষের জন্য চালু হওয়া খাদ্যনিরাপত্তার এই কার্যক্রমের আওতায় সারা দেশের ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার কথা।
লিখিত অভিযোগ, তালিকা ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম নিয়মবহির্ভূতভাবে পছন্দের লোকজন নিয়ে কার্ডের তালিকা করেন। অনেক কার্ড বিতরণ না করে তিনি রেখে দিয়েছেন। ওই কার্ডের বিপরীতে বরাদ্দ চাল তুলে কালোবাজারে বিক্রি করে দেন। ছোট ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম ও চাচাতো ভাই আল মামুনকে তিনি ডিলার নিয়োগ করেছেন।
কার্ডের তালিকা যাচাই করে জানা গেছে, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নন্দকুশা গ্রামের মোক্তার হোসেনের পাকা ভবন আছে। তাঁর পরিবারের তিনজনকে কার্ড দেওয়া হয়েছে। মোক্তার বলেন, ‘চেয়ারম্যান আমার পরিবারকে তিনটি কার্ড দিয়েছিল। তবে চাল উত্তোলন করি নাই।’
অলিদহ গ্রামের কাপড় ব্যবসায়ী আমিরুজ্জামান। তাঁর দুই ছেলে প্রবাসী। তাঁর নামে কার্ড করা হয়েছে। আমিরুজ্জামান বলেন, ছেলেরা বিদেশে বৃত্তি নিয়ে লেখাপড়া করছে। সম্প্রতি একজন বিদেশে চাকরি পেয়েছে। কিন্তু তিনি একজন গরিব মানুষ। তাই কার্ড নিয়েছেন।
তালিকায় অলিদহ গ্রাম ছাত্রলীগের নেতা মামুনর রশিদের নাম আছে। ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চকসাদী গ্রামের দবির উদ্দীনের সন্তান মোন্নাফ মিয়া মালয়েশিয়াপ্রবাসী কিন্তু তাঁর নামেও কার্ড দেওয়া হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শলী গ্রামের জহুরুল ইসলাম ও তাঁর ভাই সাইদুর রহমানের নাম তালিকায় আছে। অলিদহ গ্রামের সরকারি চাকরিজীবী মওদুদ হোসেন, ইউপি সদস্য ভেংড়ী গ্রামের মোমিন মেম্বারের ভাই ও কাপড়ের ব্যবসায়ী সেলিম রেজার নামে কার্ড আছে।
কৈমাঝুরিয়া গ্রামের গোলাম হোসেনের নামে দুটি কার্ড ইস্যু করা হয়েছে। দক্ষিণ কালিকাপুর গ্রামের ২৬ জনকে কার্ড দেওয়া হয়েছে। কিন্তু ওই নামে এলাকায় কাউকে পাওয়া যায়নি।
অলিদহ গ্রামের মালা খাতুন, হযরত আলী, শীতল প্রাং বলেন, তাঁরা ভিক্ষা করে সংসার চালান। জনপ্রতিনিধিরা তাঁদের দেখেও দেখেন না। অথচ যাঁরা ভিক্ষা দেন তাঁদের কার্ড দেওয়া হয়েছে।
এ বিষয়ে চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন ডিলার নিয়োগ করে কার্ড দিয়েছে। এর দায়দায়িত্ব তাদের। তাঁরা যে তালিকা পাঠিয়েছেন, সেখানে কোনো অনিয়ম হয়নি। একটি পক্ষ তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। তারপরও যদি ত্রুটি থাকে, সে কার্ডগুলো বাতিল করা হবে।
উল্লাপাড়ার ইউএনও সন্দীপ কুমার বলেন, তদন্তে ভুয়া বা ধনীদের নামে কিছু কার্ড আছে বলে নিশ্চিত হওয়া গেছে। সেগুলো বাতিল করা হয়েছে। এই কার্ডের বিপরীতে চাল দেওয়া বন্ধ রাখার জন্য বলা হয়েছে। কার্ডগুলো সংশোধন করতে চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।