কার্ড পেয়েছেন ব্যাংক কর্মকর্তা, শিক্ষকেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগী ব্যক্তিদের তালিকায় ব্যাংক কর্মকর্তা ও শিক্ষকসহ সচ্ছল ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য ডিলার নিয়োগেও অনিয়মের অভিযোগ রয়েছে। ডিলারদের মধ্যে সরকারি কলেজের একজন শিক্ষকও আছেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় চাল বিক্রির জন্য জেলার ৪২টি ইউনিয়নের ৫৪ হাজার ৬১৮ জন উপকারভোগীকে কার্ড দেওয়া হয়েছে। ডিলার নিয়োগ করা হয়েছে ১০৯ জন।

সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ১ হাজার ৮২৭ জন উপকারভোগীর কার্ড রয়েছে। এ তালিকায় সচ্ছল, অন্য এলাকার বাসিন্দা, এমনকি ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের ছেলেশিশুর (১০) নামও রয়েছে। গত শনিবার এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য আবু হেনা মোস্তফা জামান বলেন, ‘তালিকায় আমার ছেলের নাম দেখতে পেয়ে পরিবর্তন করা হয়েছে।’

জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, মন্টু নামের ব্যক্তির বাড়ি ভোলার চরফ্যাশন এলাকায়। কিন্তু তাঁর নামও একই ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে রয়েছে। এ ছাড়া খোকন সরদার নামের আরেক ব্যক্তি আর্থিকভাবে সচ্ছল, তাঁর নামও রয়েছে তালিকায়। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘দু-একটি ভুলভ্রান্তি থাকলে তা সংশোধন করা হবে। আমি বিষয়টি ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছি।’

একই উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নে তালিকায় শিক্ষক ও সচ্ছল ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাফায়েত হোসেন নামের একজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া জালাল আকন, আবদুস সোবাহান ও পিয়ারা বেগম নামের তিনজন রয়েছেন। তাঁরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এ ছাড়া একই ইউনিয়নের উপকারভোগীদের তালিকায় থাকা বায়েজিদ নামের এক ব্যক্তির স্থানীয় বাজারে ওষুধের বড় দোকান রয়েছে। ইউপি চেয়ারম্যান আশশাকুর রহমান বলেন, ‘তাড়াহুড়ো করে তালিকা করতে গিয়ে কিছু ভুলত্রুটি হয়েছে। সংশোধনের চেষ্টা করা হচ্ছে।’

গৌরিচন্না ইউনিয়নে সুবিধাভোগীর তালিকায় চার সহোদর রয়েছেন। ৯ নম্বর ওয়ার্ডের ধুপতি এলাকার এ চার ভাইবোন হলেন স্বপন, বেলাল, মেরি ও রিপন। ৭ নম্বর ওয়ার্ডে ভূতমারা এলাকার দিলীপ দত্তের বরগুনা শহরে ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তিনি বিত্তবান। কিন্তু তাঁর নামেও হতদরিদ্রের কার্ড আছে।

সদরের ঢলুয়া ইউনিয়নে মোট চারজন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে আবুল কালাম আজাদ নামের ডিলারের বিপরীতে বরইতলা ফেরিঘাট এলাকায় চাল বিক্রির স্থান নির্ধারণ করা হয়। কিন্তু তিনি মাত্র দুদিন পরই পোটকাখালী এলাকায় চলে আসেন। অথচ পোটকাখালী এলাকায় ইসমাইল হোসেন নামের আরও একজন ডিলার রয়েছেন।

গত শনিবার সকাল ১০টার দিকে সরেজমিনে এম বালিয়াতলী ইউনিয়নের চৌমুহনী এলাকায় নিযুক্ত ডিলারের দোকান বন্ধ পাওয়া যায়। তখন মুঠোফোনে যোগাযোগ করা হলে ডিলার আল আমিন খান বলেন, ‘আমি খাদ্যগুদামে চাল নিতে এসেছি। এখানে চাল দিতে বিলম্ব করায় এ জটিলতার সৃষ্টি হয়েছে।’

এ ছাড়া নলটোনা ইউনিয়নে সাদিকুল ইসলাম নামের একজনকে ডিলার নিয়োগ করা হয়েছে। তিনি পাথরঘাটা সরকারি হাজী জালাল উদ্দীন মহিলা কলেজের দর্শন বিভাগের শিক্ষক। সাদিকুল বলেন, ‘আমার কলেজটি এখনো সরকারি হয়নি। কেবল ঘোষণা হয়েছে। খাদ্য বিভাগে আবেদন করার পর তাঁরা আমাকে ডিলার নিয়োগ করে।’

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তালিকায় অসংগতির বিষয়ে ইউএনও আজহারুল ইসলাম বলেন, ‘আমার কাছে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেব।’