কার্বাইড দিয়ে আম পাকানোয় দুজনের দণ্ড
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গতকাল মঙ্গলবার দুপুরে ফল ব্যবসায়ীরা আম, লিচু ইত্যাদি ফলে ক্ষতিকর রাসায়নিক না মেশানোর শপথ করেছেন। তাঁরা যখন শপথ করছেন, প্রায় একই সময়ে বাগাতিপাড়া উপজেলার শাহাব উদ্দিন (৩৫) নামের এক ব্যবসায়ীকে আমে ক্ষতিকর কার্বাইড মেশানোর দায়ে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জেও কার্বাইড দিয়ে পাকানো আম বিক্রির দায়ে গতকাল মো. রাজু (৩২) নামের এক আম বিক্রেতাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারের ফল ব্যবসায়ীরা গতকাল দুপুরে বুকে হাত রেখে শপথ করেছেন তাঁরা আম, লিচুসহ সব ধরনের ফলে ক্ষতিকর কোনো রাসায়নিক মেশাবেন না। আহম্মদপুরের ফল ব্যবসায়ী মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শতাধিক ফল ব্যবসায়ী এ শপথ নেন।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম রুহুল আমিন ব্যবসায়ীদের ফলমূলে ক্ষতিকর রাসায়নিক মেশানোর কুফল সম্পর্কে অবহিত করেন। এ ব্যাপারে দেশের প্রচলিত আইনে কী শাস্তির বিধান আছে, তাও আলোচনা করেন তিনি।
শপথে অংশ নেওয়া ফল ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, ‘আমরা না বুঝেই এত দিন ফলে ফরমালিনসহ নানা ধরনের রাসায়নিক মেশাতাম। এখন এর ক্ষতিকর দিকটা জানতে পেরেছি। আমরা আর ক্ষতিকর রাসায়নিক মেশাব না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘মানুষ না বুঝে মানুষের ক্ষতি করে। আমরা চেষ্টা করেছি তাঁদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার। আমি বিশ্বাস করি, বড়াইগ্রামের মতো একসময় সারা দেশের ব্যবসায়ীরা ফরমালিন পরিহার করে মানুষকে ক্ষতির হাত থেকে বাঁচাবেন।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমদ, জোয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান চাঁদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল। পরে ক্ষতিকর রাসায়নিক না মেশানোর বিষয়টি তদারকি করার জন্য একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করে দেওয়া হয়।
এদিকে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বারইপাড়া গ্রামে আম ব্যবসায়ী শাহাব উদ্দিন গতকাল দুপুরে নিজ বাগান থেকে অপরিপক্ব আম সংগ্রহ করেন। আমগুলো কৃত্রিমভাবে পাকানোর উদ্দেশ্যে তিনি তাতে ক্ষতিকর কার্বাইড মেশাতে থাকলে স্থানীয় লোকজন বিষয়টি ইউএনওকে জানান। খবর পেয়ে ইউএনও খোন্দকার ফরহাদ আহম্মদ পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে আম ব্যবসায়ীকে হাতেনাতে ধরে ফেলেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করেন। এ সময় রাসায়নিকমিশ্রিত আমগুলো ধ্বংস করা হয়।
ইউএনও খোন্দকার ফরহাদ আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কার্বাইড দিয়ে পাকানো আম মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই ব্যবসায়ী শাহব উদ্দিনকে কঠোর শাস্তি দেওয়া হয়েছে, যেন অন্য কেউ এ কাজ করতে সাহস না পান।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা এলাকার হাসিম উদ্দীনের ছেলে রাজুকে কার্বাইড দিয়ে পাকানো আম বিক্রির দায়ে গতকাল সকালে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল ইমরান বলেন, সকাল ১০টার দিকে শহরের বাতেন খাঁর মোড় এলাকায় রাসায়নিক দিয়ে পাকানো আম বিক্রির সময় রাজুকে আটক করা হয়। পরে দুপুর ১২টার সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়। পরে আমগুলো জব্দ করে জনসমক্ষে ধ্বংস করা হয়। রাজুকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।