কার্যালয় ভাঙচুর, কর্মীদের সঙ্গে আমানতকারীদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের ডাচ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান জসিম উদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগের পরও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। গত বৃহস্পতিবার আমানতকারীরা ওই সমবায় সমিতির প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। এ সময় আমানতকারী-সমিতির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।
আমানতকারী ও কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেঘনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ঢাকা দক্ষিণের সমন্বয়কারীর দায়িত্ব পাওয়ার পর জসিম উদ্দিন ২০০৩ সালে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের পাশে মোল্লা টাওয়ার ভাড়া নেন। এরপর মেঘনার সাইনবোর্ড টাঙ্গিয়ে ডাচ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেন।
কর্মীরা জানান, মানিকগঞ্জের সিঙ্গাইর, ঢাকার সাভার ও ধামরাইয়ের বিভিন্ন গ্রাম থেকে গত ১২ বছরে অন্তত ১০০ কোটি টাকার আমানত সংগ্রহ করেন জসিম উদ্দিন। এসব টাকায় তিনি সিলেটে চা বাগান ও মালয়েশিয়ায় বাড়ির মালিক হওয়ার পাশাপাশি দেশে অনেক জমি ক্রয় করেন। এসব কারণে তিনি চুক্তি অনুযায়ী মুনাফাসহ গ্রাহকদের টাকা ফেরত দিতে ব্যর্থ হন। টাকা না পেয়ে কয়েক শ গ্রাহক গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় ওই কার্যালয়ে থাকা কর্মীরা বাধা দিলে তাঁদের সঙ্গে আমানতকারীদের সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজন পরিস্থিতি শান্ত করেন।
এর আগে অনেক গ্রাহক সাভার মডেল থানায় জসিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। গতকালও জসিমের বিরুদ্ধে সিঙ্গাইরের চরলক্ষ্মীপুড় গ্রামের মঞ্জুয়ারা আক্তার মামলা করার জন্য থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নানা অজুহাতে তাঁর মামলা গ্রহণ করেননি। এর আগে তিনি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন।
জসিম থানা থেকে মাত্র ৩০০ গজ দূরে একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। যোগাযোগ করলে মুঠোফোনে তিনি এই প্রতিবেদককে বলেন, ‘আমি প্রভাবশালী ও পুলিশের চাপে আছি। তাঁদের নানাভাবে ম্যানেজ করতে হচ্ছে। আমানতকারীরা কিছুদিন সময় দিলে আমি সব টাকা ফেরত দিয়ে দেব।’
জানতে চাইলে সাভার মডেল থানার ওসি মোতালেব হোসেন মিয়া জানান, অভিযোগ পাওয়া গেলেও আমানতকারী বা সমিতির কর্মীরা মামলা দিতে রাজি না হওয়ায় জসিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।
এ সময় তাঁকে মঞ্জুয়ারার মামলা কেন নেওয়া হচ্ছে না জানতে চাওয়া হলে ওসি মোতালেব হোসেন জানান, এ মাসে মামলা বেশি হয়ে গেছে। আগামী মাসের ১ তারিখ এই মামলা রেকর্ড করা হবে।