কার্যালয়ে ঢুকে সার্ভেয়ারকে পেটালেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমির বিরোধ নিষ্পত্তি-সংক্রান্ত আইনি প্রক্রিয়া বিলম্বিত করার অভিযোগ এনে সাইফুল ইসলাম নামের একজন সরকারি সার্ভেয়ারকে (জমি পরিমাপক) পিটিয়ে আহত করেছেন আওয়ামী লীগের সাভার পৌরসভা শাখার এক নম্বর ওয়ার্ডের সভাপতি এরশাদুর রহমান।
সাভার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের ভেতরে গত রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই নেতার বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা হয়েছে।
সহকারী কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, মডার্ন এগ্রিকালচার নামের একটি প্রতিষ্ঠানের হয়ে জনৈক আজিজুল ইসলাম গত ১ জানুয়ারি সাভার পৌর এলাকার জামসিং মৌজার প্রায় ১১ বিঘা জমির রেকর্ড সংশোধন করে ওই প্রতিষ্ঠানের নামে নামজারির আবেদন করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের তাঁর কার্যালয়ের সার্ভেয়ার সাইফুল ইসলামকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
রোববার সরেজমিনে তদন্তের দিন ধার্য ছিল। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে আজিজুল ইসলাম দুই মাস সময় চেয়ে গত ১১ মে একটি আবেদন করেন। আবেদন মঞ্জুর করায় ক্ষুব্ধ হন ওই এলাকার আমিনুল ইসলাম ও এরশাদুর রহমানসহ কতিপয় ব্যক্তি। কারণ তাঁরাও ওই জমির কিছু অংশের মালিকানা দাবি করে মাস দেড়েক আগে ভূমি কার্যালয়ে নামজারির একটি আবেদন করেছিলেন।
সার্ভেয়ার সাইফুল ইসলাম বলেন, রোববার বেলা ১২টার দিকে এরশাদুর রহমান ২৫ থেকে ৩০ জন লোকসহ তাঁর কার্যালয়ে যান। এর পর এরশাদ তাঁর কান ধরে চেয়ার থেকে টেনে তুলে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এ সময় সাইফুল ইসলামের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। তখন দলবল নিয়ে এরশাদ চলে যান। ঘটনার পরে ওই দিন সন্ধ্যায় সাইফুল ইসলাম সাভার মডেল থানায় এরশাদসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
যোগাযোগ করা হলে এরশাদ বলেন, ‘তদন্তের দিন পরিবর্তন করায় তাঁর লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে সাইফুলকে গালিগালাজ করা হয়েছে, মারপিট করা হয়নি।’
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এরশাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি যে দলেরই হোক না কেন তাঁকে ছাড় দেওয়া হবে না।