পবিত্র ঈদুল আজহা সামনে রেখে বরিশালের উজিরপুরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও পশু হাসপাতাল চত্বর দখল করে উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. ইকবাল বালীর নেতৃত্বে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা অবৈধভাবে পশুর হাট চালু করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় লোকজন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার চিঠি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ হাট পরিচালনার জন্য মো. ইকবাল বালীকে সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতা-কর্মীকে নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে।এক সপ্তাহ ধরে অবৈধভাবে এ হাট চলার পর গতকাল এ হাটের উদ্বোধন করেন উজিরপুর পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন ব্যাপারী।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর কবির বলেন, প্রাণিসম্পদ কার্যালয় ও পশু হাসপাতালের সামনে কিছু প্রভাবশালীনেতা-কর্মী অবৈধভাবে পশুর হাট চালু করেছেন। ফলে কার্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে। পশুর মলমূত্রের দুর্গন্ধে বসা যাচ্ছে না। ফলে সেবা প্রদান ব্যাহত হচ্ছে। তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতা মো. ইকবাল বালীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পশুর হাট সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হলেও তা অমান্য করে জোরপূর্বক পশুর হাট চালু রাখা হয়েছে।
১ সেপ্টেম্বর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিষয়টি লিখিতভাবে বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা একরামুল করিম চৌধুরীকে অবহিত করেন। চিঠি পাওয়ার পরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওই দিন পশুর হাট বন্ধের অনুরোধ করে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝুমুর বালাকে চিঠি দেন।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে পশুর হাট বসানো হয়েছে। গোটা এলাকায় পশুর মলমূত্রের দুর্গন্ধ ছড়াচ্ছে। ইচলাদী-উজিরপুর আঞ্চলিক সড়কের একাংশ দখল করে সেখানে হাট সম্প্রসারণ করা হয়েছে। ফলে ওই সড়কে যানজট তৈরি হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে প্রাণিসম্পদ বিভাগের একাধিক কর্মচারী বলেন, ইউএনওকে চিঠি দেওয়ার পর চার দিন অতিবাহিত হলেও তিনি পশুর হাট বন্ধে কোনো পদক্ষেপ নেননি।
গতকাল রোববার এ হাট উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন উজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, পশুর হাট কমিটির সভাপতি ইকবাল হোসেন বালী, পৌর কাউন্সিলর রিপন মোল্লা, দিলীপ সিকদার, উপজেলা শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক ও পশুর হাট কমিটির সম্পাদক কামরুল ইসলাম ফকির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও পশুর হাট কমিটির সভাপতি মো. ইকবাল বালী বলেন, অবৈধ নয়, ইউএওর অনুমতি সাপেক্ষে পশুর হাট বসানো হয়েছে। ইউএনওর কাছে মুঠোফোনে এ প্রসঙ্গে জানতে চাইলে গতকাল দুপুরে তিনি সংযোগ কেটে দেন। পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন ব্যাপারী বলেন, পৌর এলাকায় কোনো পশুর হাট নেই। তা ছাড়া বিশিষ্ট নাগরিকদের অনুরোধে হাটের উদ্বোধন করেছি। ঈদের পরে এ জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করাসহ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে পৌরসভা থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।