কার্যালয়েতালা, টাকা নিয়ে উধাও কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্চয় দ্বিগুণ করে দেওয়ার লোভ দেখিয়ে আমানতকারীদের কাছ থেকে তিনি সংগ্রহ করেন ‘প্রায় কোটি টাকা’; একপর্যায়ে উধাও হয়ে যান। তিনি সূর্যের আলো বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান মো. জিয়াউল হক ওরফে জিয়া।

গত জুনের শেষ দিকে জিয়াউল হক, তাঁর ভাই সমিতির কর্মকর্তা মইনুল হক,সমিতির ব্যবস্থাপক মরিয়ম আকতার ও তাঁর স্বামী হেলালউদ্দিন উধাও হয়ে যান। এতে দিশেহারা হয়ে পড়েছেন আমানতকারীরা। অন্যদিকে বিপাকে পড়েছেন সমিতির মাঠপর্যায়ের কর্মীরা। টাকার জন্য আমানতকারীরা তাঁদের চাপ দিচ্ছেন।

সূত্র জানায়, সূর্যের আলো বহুমুখী সমবায় সমিতি চট্টগ্রাম নগরের বায়েজিদ, খুলশী, অক্সিজেন, বড়পোল, আগ্রাবাদ, হালিশহর ও বন্দর থানার বিভিন্ন এলাকার আমানতকারীদের টাকা আত্মসাৎ করেছে। প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৫ আগস্ট প্রতিষ্ঠানটির তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন সমিতির বায়েজিদ ও খুলশী এলাকার মাঠকর্মী রোকসানা বেগম। ভুক্তভোগীরা বলেন, আমানতকারীদের কাছ থেকে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। টাকা আত্মসাতের অভিযোগে নগরের হালিশহর ও বন্দর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এ ব্যাপারে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম ভূঁইয়া বলেন, তদন্ত শুরুর পর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

জেলা সমবায় কর্মকর্তা মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গত দুই অর্থবছরে অডিটের জন্য কোনো তথ্য দেয়নি ওই সমিতি। আমাদের লোকজন ঠিকানায় গিয়েও কাউকে পায়নি। সে কারণে সমিতির কার্যক্রম অকার্যকর মনে হওয়ায় গত অর্থবছরে এর নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে।’

সূত্র জানায়, ২০০৯ সালের নভেম্বরে সমবায় অধিদপ্তর থেকে সূর্যের আলো বহুমুখী সমবায় সমিতির নিবন্ধন নেওয়া হয়। এরপর বেশি মুনাফার লোভ দেখিয়ে শুরু হয় সদস্য সংগ্রহ। এ জন্য নিয়োগ দেওয়া হয় মাঠকর্মী।

সমিতির কর্মী ও গ্রাহকের সংখ্যা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। মাঠকর্মী রোকসানা বলেন, তিনি নিজে ২০০ আমানতকারী সংগ্রহ করেছেন। প্রায় ২৫ জন মাঠকর্মীর সঙ্গে তাঁর কথা হয়েছে। আমানতকারীর সংখ্যা এক হাজারের বেশি হতে পারে।

খোঁজ নিয়ে জানা যায়, হালিশহরে সমিতির তিনজন মাঠকর্মী ছিলেন। তাঁদের একজন সাধনা রানী দেবী বলেন, পরিচিত এক ব্যক্তির মাধ্যমে ২০১০ সালের শুরুতে জিয়াউল হক তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তাঁকে বলা হয়, মাসে তিন শ টাকা বিনিয়োগ করলে বছর শেষে চার হাজার টাকা দেওয়া হবে। এ সময় জিয়াউল তাঁকে সদস্য হওয়ার পাশাপাশি কর্মী হওয়ারও প্রস্তাব দেন। সদস্য সংগ্রহের বিনিময়ে তাঁকে কমিশন দেওয়ার লোভ দেখানো হয়।

সাধনা রানী জানান, প্রথম বছরে তিনি ১০ জন সদস্য সংগ্রহ করেন। বছর শেষে লাভসহ টাকা ফেরত দেওয়ায় অনেকে উৎসাহিত হন। তখন তাঁকে তিন বছর ও ছয় বছর মেয়াদি সঞ্চয় সংগ্রহ করতে বলা হয়। এরপর তিনি ৫০ জন সদস্য সংগ্রহ করেন। তিনি জানান, তাঁর কাছে আমানতকারীরা চার লাখ টাকা জমা দিয়েছেন।

সাধনা রানী আরও জানান, সর্বশেষ ২৯ জুন তারিখে বাসায় এসে টাকা নিয়ে যান জিয়াউল। এর কয়েক দিন পর তাঁর মুঠোফোনে যোগাযোগ করে সেটি বন্ধ পাওয়া যায়। তখন সল্টগোলার কার্যালয়ে গিয়ে তিনি প্রতারিত হওয়ার বিষয়ে নিশ্চিত হন।

ভুক্তভোগীরা জানান, কাউকে দুই বছরে দ্বিগুণ, কাউকে তিন বছরে দ্বিগুণ টাকা দেওয়ার লোভ দেখিয়ে আমানত সংগ্রহ করেছে ওই সমিতি।

নগরের শেরশাহে অবস্থিত একটি কারখানার গাড়িচালক নিতাই আচার্য বলেন, সমিতির ব্যবস্থাপক মরিয়ম আকতার ওরফে শিল্পীর স্বামী হেলাল ১৫ বছরেরও বেশি সময় ধরে ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেছেন। দুই বছরে দ্বিগুণ টাকা পাওয়ার আশায় তাঁর মাধ্যমে কারখানার ৪০ জন কর্মচারী আমানত জমা দেন। কিন্তু গত মাস থেকে হেলাল অনুপস্থিত। তাঁর মুঠোফোনও বন্ধ।

সম্প্রতি নগরের সল্টগোলা ঈশান মিস্ত্রির হাট এলাকায় সমিতির কার্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে তালা ঝুলছে। ভবনের নিচে অবস্থিত কাপড়ের দোকানের মালিক নূর মোহাম্মদ বলেন, জিয়াউল হক প্রায় দুই মাস আগে কার্যালয়ে তালা ঝুলিয়ে চলে গেছেন। আশপাশের দোকানিরা জানান, জিয়াউলের খোঁজে প্রতিদিনই লোকজন আসছেন।

বন্দর থানার ওসি জাহিদুল ইসলাম জানান, সম্প্রতি থানায় প্রতারণার অভিযোগটি এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।