কালকিনিতে এসি ল্যান্ড লাঞ্ছিত, থানায় মামলা
মাদারীপুরের কালকিনি উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) মো. সাঈদুজ্জামান খান শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে যুবলীগের দুই নেতা-কর্মী কার্যালয়ে ঢুকে তাঁকে লাঞ্ছিত করেন।
এ ঘটনায় এসি ল্যান্ড সোমবার রাতেই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তৌফিকুজ্জামান শাহীন, উপজেলা যুবলীগের নির্বাহী কমিটির সদস্য শাহ আলম ও যুবলীগের কর্মী বাচ্চু হাওলাদারের বিরুদ্ধে কালকিনি থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু পরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের নাম বাদ দিয়ে মামলাটি নথিভুক্ত করা হয়েছে বলে অভিযোগ এসি ল্যান্ডের।
এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের মাধ্যমে উপজেলার জনসাধারণের মাঝে ওএমএসের বরাদ্দকৃত চাল বিতরণের সরকারি পত্র ১০ মার্চ পান এসি ল্যান্ড। তিনি পত্রটি নথিতে উপস্থাপন করে সভা আহ্বানের মাধ্যমে ডিলারের তালিকাসহ উপস্থাপনের জন্য উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তাকে নোট দেন। কিন্তু খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা সভা না ডেকে ওই দিনই ফাইল অনুমোদন দেওয়ার জন্য অনুরোধ করেন। এতে এসি ল্যান্ড অপারগতা প্রকাশ করেন। এই প্রেক্ষাপটে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান মুঠোফোনে এসি ল্যান্ডকে ওএমএসের ফাইলে স্বাক্ষর করতে বলেন। এসি ল্যান্ড তাতে অস্বীকৃতি জানান। এর প্রায় ১৫ মিনিট পর তৌফিকুজ্জামান এসি ল্যান্ডের কার্যালয়ে যান। ফাইলে স্বাক্ষর না দিলে তাঁকে (এসি ল্যান্ড) বিপদে পড়তে হবে বলে হুমকি দেন। এরপরও এসি ল্যান্ড সভা না করে ওই ফাইলে সই না করার ব্যাপারে অনড় থাকেন।
এসি ল্যান্ড সাঈদুজ্জামান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘স্বাক্ষর দিতে অপরাগতা প্রকাশ করায় চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে আমার কার্যালয় থেকে বেরিয়ে যান। এর কিছুক্ষণ পর দুই ব্যক্তি কক্ষে ঢুকে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।’ জানতে চাইলে ‘এসি ল্যান্ডের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, এখন মিটমাট হওয়ার পথে’—দাবি করে তৌফিকুজ্জামান বলেন, ‘আমার নামে থানায় কোনো মামলা হয়নি।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সোমবার রাতে এসি ল্যান্ড বাদী হয়ে শাহ আলম সরদার ও বাচ্চু হাওলাদারকে আসামি করে কিল-ঘুষি মারার অভিযোগে মামলা দায়ের করেছেন। দুই আসামিই পলাতক, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তবে এসি ল্যান্ড বলেন, ‘আমি উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ তিনজনের নাম উল্লেখ করেই থানায় অভিযোগ দিয়েছিলাম। কিন্তু মামলা নথিভুক্ত করা হয়েছে দুজনের বিরুদ্ধে।’