কালকিনিতে দুর্বৃত্তের আগুনে ভস্ম ভূমি কার্যালয়ের নথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি ইউনিয়ন পরিষদের ভূমি কার্যালয়ের কাগজপত্র পুড়ে গেছে। গতকাল সোমবার উপজেলার এনায়েতনগর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।
এনায়েতনগর ভূমি কার্যালয়ের তহশিলদার মো. বেলায়েত হোসেন বলেন, রাতে কার্যালয়ের তালা ভেঙে দুর্বৃত্তরা আলমারিতে থাকা কাগজপত্রে আগুন ধরিয়ে দেয়। পরে সকালে কার্যালয়ের পিয়ন বিষয়টি উপজেলা ভূমি কার্যালয়ে জানান। খবর পেয়ে জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, কালকিনি উপজেলা ভূমি সহকারী কমিশনার শরিফুল ইসলাম প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কমিশনার শরিফুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কে জড়িত, তা জানা যায়নি। তহশিলদার মো. বেলায়েত হোসেন বাদী হয়ে কালকিনি থানায় অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা করেছেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা বলেন, ইউনিয়ন ভূমি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।