কালকিনিতে শহীদ মিনারে আ.লীগ নেতা লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে গত শনিবার রাত পৌনে ১২টায় মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুককে লাঞ্ছিত করা হয়েছে। এ সময় সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।
কালকিনি থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করতে উপস্থিত হয় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কালকিনি ও ডাসার থানা-পুলিশ এবং কালকিনি প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের লোকজন। অন্যদিকে রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলের বহর নিয়ে আসেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক। এ সময় তাঁর বিরুদ্ধে পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচন না করার অভিযোগ এনে পৌর মেয়র এনায়েত হোসেনের সমর্থকেরা হামলা চালিয়ে মীর গোলাম ফারুককে লাঞ্ছিত করেন। এ সময় দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।
মীর গোলাম ফারুক বলেন, ‘পৌর নির্বাচনে তৃণমূলের মতামত উপেক্ষা করে স্থানীয় সাংসদ তাঁর পছন্দের লোককে মনোনয়ন দিয়েছিলেন। আমরা এর প্রতিবাদ করেছি। এ কারণে মেয়র আমার ওপর ক্ষুব্ধ। মেয়র তাঁর লোকজন নিয়ে শহীদ মিনারে আমার ওপর হামলা চালায়। শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য আনা ফুলের ডালা ফেলে দেয়।’
তবে মুঠোফোনে চেষ্টা করেও মেয়র এনায়েত হোসেনকে পাওয়া যায়নি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা বলেন, শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে মীর গোলাম ফারুক ও মেয়র এনায়েত হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো পক্ষই মামলা করেনি।