কালভার্ট নির্মাণে অনিয়ম, ১৫ দিনে ১০টি দুর্ঘটনা
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি কালভার্ট নির্মাণকাজের ঠিকাদার বিকল্প সড়ক নির্মাণ করেননি। দুর্ঘটনা এড়াতে কোনো সতর্কতামূলক ব্যবস্থাও নেননি। এসব অনিয়মের কারণে ১৫ দিনে ওই এলাকায় অন্তত ১০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদের (ইউপি) দাসেরহাট মাহিলাড়া ভায়া সেরাল সড়কের দাসপট্টি নতুনহাট এলাকায় এ কালভার্ট নির্মাণ চলছে। উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর ২৯ লাখ ৫৭ হাজার টাকার এ প্রকল্প বাস্তবায়নের জন্য ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য তরিকুল ইসলামকে ঠিকাদার নিযুক্ত করা হয়। নির্মাণকাজ শুরুর আগে ঠিকাদার প্রকল্প এলাকায় বিকল্প সড়ক নির্মাণ করার কথা। কাজ চলাকালে সড়কের দুই পাশে সড়ক বন্ধের সাংকেতিক চিহ্ন ব্যবহারসহ দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা। কিন্তু ঠিকাদার এখানে নিয়মনীতির তোয়াক্কা না করে কাজ করছেন।
সেরাল গ্রামের বাসিন্দা মো. নয়ন রাঢ়ী বলেন, ঠিকাদার প্রকল্প বাস্তবায়নের শুরুতেই অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়েছেন। বিকল্প সড়ক নির্মাণ করাসহ কোনো নিয়মনীতিই মেনে চলেননি তিনি। এ কারণে ওই এলাকায় এ সময়ের মধ্যে অন্তত ১০টি দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
ইউপি সদস্য তরিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি একাধিকবার মুঠোফোন রিসিভ করে এ প্রতিনিধির পরিচয় জেনে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের প্রকল্প কর্মকর্তা শামীমা আকতার বলেন, ঠিকাদারকে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও তিনি পদক্ষেপ নেননি। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।