কালভার্টের দুই পাশে বাঁধ দিয়ে অবৈধ ইটভাটা

বরগুনার বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নে একটি কালভার্টের দুই পাশে বাঁধ দিয়ে ইটভাটা নির্মাণ করায় এলাকার কয়েক শ একর জমিতে চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের বদনীখালী গ্রামের বেড়েরদোন খালের কালভার্টটির দুই পাশে ইট দিয়ে বাঁধ দিয়ে সেখানে ‘বিইপি’ নামে একটি ইটভাটা স্থাপন করা হয়েছে। প্রায় ছয় একর জমির ওপর ২০১২ সালে স্থায়ী চিমনির এই ভাটাটি স্থাপন করা হয়। পাশেই রয়েছে কয়েক শ একর ফসলি জমি।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ আইন অনুযায়ী, হাইব্রিড হফম্যান, জিগজ্যাগ, ভার্টিক্যাল শ্যাফট ক্লিন অথবা পরীক্ষিত নতুন প্রযুক্তির পরিবেশবান্ধব ইটভাটা স্থাপন করার বিধান থাকলেও এই ভাটাটি ১২০ ফুট স্থায়ী চিমনি স্থাপন করে ইট পোড়াচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালভার্ট দিয়ে পানি নিষ্কাশন হতো। বাঁধ দেওয়ার ফলে খালের পানি ওঠা-নামার পথটি বন্ধ হয়ে গেছে। এতে এলাকার কৃষকেরা সেচ দিতে পারছেন না। এ ছাড়া বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন না হওয়ায় পুরো এলাকা জলাবদ্ধতার কবলে পড়ে ও ধানের চারায় পচন ধরে। আর খরা মৌসুমে পানির অভাবে রবি ফসলে সেচ দিতে পারছেন না কৃষকেরা। তিন বছর ধরে এমন অবস্থায় থাকায় কৃষকেরা সমস্যায় পড়েছেন। বেতাগীর ঠিকাদার খলিলুর রহমান ও তাঁর মামা আওলাদ হোসেন যৌথভাবে ওই ভাটার মালিক।
বদনীখালী গ্রামের কৃষক সেন্টু মৃধা বলেন, ‘এই ইটভাটা তৈরির সময় ভাটামালিক খলিলুর রহমান কালভার্টের বিকল্প ব্যবস্থা হিসেবে নদী থেকে ফসলের মাঠ পর্যন্ত একটি পাকা নালা (ড্রেন) দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তিন বছরেও তা দেননি।’
এ বিষয়ে খলিলুর রহমান বলেন,‘আমি ঢাকায় আছি। ইটভাটার দায়িত্বে যিনি আছেন, তিনি এসব বিষয়ে ভালো বলতে পারবেন। তাঁকে ফোন করুন।’
ভাটার আরেক পরিচালক আওলাদ হোসেন বলেন, বর্ষা মৌসুমে কালভার্টটির বাঁধ অপসারণ করা হয়। গ্রীষ্ম মৌসুমে কারও পানির প্রয়োজন হয় না বলে তাঁরা বাঁধ দিয়ে কাজ করেন বলে জানান।
বুড়ামজুমদার ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল কবির বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। যদি এমন হয়, তাহলে শিগগিরই এর সমাধানের ব্যবস্থা করব।’
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন হাওলাদার বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ এলাকার কৃষকেরা আমাকে জানায়নি। তার পরও বিষয়টি খোঁজ নিয়ে সত্যতা পেলে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’