কালশীতে পুলিশ পরিচয়ে যুবককে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীর কালশী-সংলগ্ন কুর্মিটোলা বিহারি ক্যাম্পের সামনে গতকাল বুধবার রাতে পুলিশ পরিচয়ে মো. নওশাদ (২৩) নামের এক যুবককে গুলি করে আহত করা হয়েছে। তিনি বেনারসি শাড়ির কারচুপি কারিগর। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন নওশাদ প্রথম আলোকে বলেন, রাত সাড়ে নয়টার দিকে কুর্মিটোলা বিহারি ক্যাম্পের সিরাজ মিয়ার দোকানের সামনে তিন ব্যক্তি পুলিশ পরিচয়ে তাঁর পথরোধ করে। একপর্যায়ে তারা বলে, ‘তুই খারাপ কাজ কর, তোকে ধরে নিয়ে যাব।’ তখন তিনি তাঁর অপরাধ জানতে চান। এ কথা বলার সঙ্গে সঙ্গে তাঁর দুই পায়ে গুলি ছুড়ে চলে যায়। পরে পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির গতকাল রাতে প্রথম আলোকে বলেন, পুলিশ নয়, দুর্বৃত্তরা নওশাদকে গুলি করেছে। কী কারণে কারা গুলি করেছে, সে বিষয়ে তদন্ত চলছে।