কালশীতে যুবককে গুলি
রাজধানীর পল্লবীর কালশী সংলগ্ন কুর্মিটোলা বিহারি ক্যাম্পের সামনে পুলিশের পরিচয় দিয়ে মো. নওশাদ (২৩) নামের এক যুবককে গুলি করে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত নওশাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাতে এই ঘটনা ঘটে।
নওশাদ বেনারসি শাড়ির কারচুপি কারিগর। হাসপাতালে চিকিৎসাধীন নওশাদ প্রথম আলোকে বলেন, রাত সাড়ে নয়টার দিকে কুর্মিটোলা বিহারি ক্যাম্পের সিরাজ মিয়ার দোকানের সামনে তিন ব্যক্তি পুলিশ পরিচয়ে তাঁর পথরোধ করেন। এ সময় তাঁরা বলেন, ‘তুই খারাপ কাজ করিস, তোকে ধরে নিয়ে যাব’। তখন নওশাদ তাঁর অপরাধ জানতে চাইলে তাঁর দুই পায়ে গুলি ছুড়ে চলে যায়। পরে পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির রাতে প্রথম আলোকে বলেন, পুলিশ নয়, দুর্বৃত্তরা নওশাদকে গুলি করেছে। কী কারণে কারা গুলি করেছে সে বিষয়ে তদন্ত চলছে।