রাজধানীর মগবাজারে তিন খুনের মামলার প্রধান আসামি শাহ আলম ওরফে কালা বাবুকে গতকাল মঙ্গলবার পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার অপর ১১ আসামিও গ্রেপ্তার হয়নি। তারা গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে আছেন বলে জানিয়েছেন নিহত রানু আক্তারের ভাই ও মামলার বাদী শামীম হোসেন ওরফে কালা চান।
মামলা তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানিয়েছে, এ পর্যন্ত তদন্তে তাঁরা নিশ্চিত হয়েছেন, জমিসংক্রান্ত বিরোধে মগবাজারের সোনালীবাগে এই তিন খুন হয়েছে।
সোনালীবাগে চান বেকারি গলিতে গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে শামীমের বোন রানু আক্তার, তাঁদের বাড়ির ভাড়াটে বিল্লাল ও মুন্না নিহত এবং শামীমের ছোট ভাই হৃদয় আহত হন। হৃদয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রেলওয়ের জমির ওপর তৈরি বাড়ি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী কালা বাবু ও তার সহযোগীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় শামীম ওরফে কালা চান শুক্রবার রাতে কালা বাবুসহ ১৫ জনের নাম উল্লেখ করে রমনা থানায় মামলা করেন। মামলার তদন্তভার পাওয়া ডিবি তিন আসামি সোহেল, আরিফ ও জাকির হোসেনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। কালা বাবুসহ আর কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় গতকাল প্রথম আলোকে বলেন, ‘কালা বাবুসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রিমান্ডে থাকা তিনজনের কাছ থেকে ইতিমধ্যে ঘটনাসংক্রান্ত কিছু তথ্য পাওয়া গেছে। তিনজনই ঘটনার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা অস্বীকার করে চলেছেন। তবে তাঁরা যে ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, সে তথ্য আমাদের কাছে আছে।’ তিনি বলেন, তদন্তের এ পর্যায়ে নিশ্চিত হওয়া গেছে জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। অন্য আসামিদের গ্রেপ্তার করে ঘটনার মূল রহস্য আরও উদ্ঘাটন করা হবে।
এদিকে মামলার বাদী শামীম প্রথম আলোকে বলেন, ‘আমি ভাই খুব শোকে আছি। অনেক আসামি গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কেও আছি। তিন-তিনটা পরিবার ধ্বংস হয়ে গেছে।’
তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি যুবলীগের কর্মী। অনেক পত্রপত্রিকা অনেক কিছু লিখছে। আমি কোনো খারাপের সঙ্গে নাই।’ নিহত মুন্না ও বিল্লাল বাড়ির ভাড়াটে ছিলেন বলে দাবি করেন তিনি।