জয়পুরহাটের কালাইয়ে খাদ্যগুদামে ধান সরবরাহ করার সময় দুটি ট্রাক আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের অভিযোগ, কৃষকদের কাছ থেকে ধান না কিনে যোগসাজশে প্রভাবশালী চাতাল মালিকদের কাছ থেকে ধান কেনা হচ্ছিল।
কালাই থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে আটটার দিকে কালাই বাজারের পাশে খাদ্যগুদামে ট্রাক থেকে ধানের বস্তা গুদামে নেওয়ার সময় বাধা দেন স্থানীয় জনসাধারণ। খবর পেয়ে পুলিশ গিয়ে রাত নয়টার দিকে চালকসহ ট্রাক দুটি আটক করে থানায় নেয়। দুই চালক রবিউল ইসলাম ও মোকারম হোসেন জানান, কালাইয়ের পাঁচশিরা বাজারের মা চালকল এবং শফিক চালকল থেকে ধান বোঝাই করে সন্ধ্যার দিকে তাঁরা খাদ্যগুদামে নিয়ে যান।
শফিক চালকলের মালিক শফিকুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিন দাবি করেন, আটক ধানের একটি ট্রাকের ২২৫ বস্তা (তিন টন) তাঁর মামা, ভাই এবং তাঁর নিজের। তিনি চাতাল ব্যবসায়ীর পাশাপাশি কৃষকও। ওই ধান তাঁর জমির আবাদি ধান। মা চালকলের মালিক মোস্তাফিজুর রহমান কালাই পৌর যুবলীগের আহ্বায়ক। তিনি জানান, ওই ধান তাঁর শ্বশুরের। তাঁর চাতালে ধান শুকিয়ে কৃষক হিসেবে খাদ্যগুদামে নেওয়া হয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, রাতের বেলায় খাদ্যগুদামে ধান নেওয়ায় পুলিশ সুপার ও কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ধানবোঝাই ট্রাক আটক করা হয়। পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। চালকদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। ধান ও ট্রাক এখনো থানায় আছে।