বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে কিডনি কেনাবেচায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি বলছে, তাঁরা অর্থের প্রলোভন দিয়ে অভাবী মানুষকে ভারতে নিয়ে গিয়ে কিডনি বিক্রি করেন। শিবগঞ্জের এক ভিক্ষুক দম্পতিকে নিয়ে যাওয়ার চেষ্টাকালে তাঁরা ধরা পড়েছেন।
গ্রেপ্তার দুজন হলেন আবদুল মান্নান ও মাসুদ মিয়া। মান্নানের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার জয়পুর-বহুতি গ্রামে। মাসুদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পাড়াইল গ্রামে।
ডিবি সূত্রে জানা যায়, মান্নান কালাই উপজেলায় কিডনি কেনাবেচা চক্রের অন্যতম হোতা। ২০১১ সালে কালাই থানায় দায়ের হওয়া কিডনি পাচার মামলার অভিযোগপত্রভুক্ত আসামি তিনি। মাসুদ মিয়া তাঁর সহযোগী।
বগুড়ার ডিবির পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, মান্নান ও মাসুদ শিবগঞ্জের আলাদীপুরের তারাজুল ইসলাম ও আরজিনা বেগম নামের এক ভিক্ষুক দম্পতিকে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তারাজুল বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন। গত বৃহস্পতিবার দুজনকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। আদালত ঈদের পর শুনানির দিন ধার্য করেন। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মান্নান ও মাসুদ স্বীকার করেছেন, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা ও দিনাজপুরের অভাবী মানুষকে ভারতে নিয়ে গিয়ে মোটা অঙ্কের টাকায় কিডনি বিক্রি করেন।
তারাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি শিবগঞ্জ ও কালাই এলাকায় ভিক্ষা করেন। মাসুদের সঙ্গে বছর খানেক আগে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তিনি টাকার লোভ দেখিয়ে কিডনি বিক্রির কথা বলেন। পরে মান্নানের সঙ্গে পরিচয় করিয়ে দেন। মান্নান তাঁকে ভুলিয়ে-ভালিয়ে কিডনি বিক্রি করতে রাজি করান। চুক্তি হয়, একটি কিডনির বিনিময়ে তাঁকে ২ লাখ ৭০ হাজার টাকা দেওয়া হবে। ৪০ হাজার টাকা অগ্রিম দেওয়ার কথা। কিন্তু কোনো টাকা না দিয়েই তাঁকে ভারতে নিয়ে যাওয়ার জন্য মাস তিনেক আগে গাড়িতে তোলেন মান্নান ও তাঁর সহযোগীরা। তবে কৌশলে তিনি গাড়ি থেকে নেমে পালিয়ে আসেন।
তারাজুল আরও বলেন, এরপর থেকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন মান্নান। একপর্যায়ে তিনি বাড়িতে এসে টাকার লোভ দেখিয়ে তাঁর স্ত্রী আরজিনাকে কিডনি বিক্রির জন্য চাপ দেন। চক্রটির হাত থেকে বাঁচতে তাঁরা পুলিশের শরণাপন্ন হন। পুলিশের কথামতো তাঁরা কিডনি বিক্রিতে রাজি হওয়ার ভান করেন। বুধবার তাঁদের দুজনকে নিয়ে যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী, মান্নান ও মাসুদ বাড়িতে এলে ডিবি তাঁদের আটক করে।
আবদুল মান্নান একসময় দিনমজুরি করতেন। কিন্তু কিডনি পাচারের সুবাদে এখন অঢেল বিত্তবৈভবের মালিক তিনি। পুলিশি হেফাজতে থাকা মান্নান বলেন, কালাইয়ে প্রশাসন তৎপর হওয়ায় তিনি চাঁপাইনবাবগঞ্জের গোবিন্দগঞ্জ উপজেলায় চলে যান। সেখানে বসে তিনি অবৈধ এ কার্যক্রম চালিয়ে আসছিলেন।
কালাই উপজেলার অভাবীদের কিডনি ও যকৃৎ বিক্রি নিয়ে ২০১১ সালের ৩০ আগস্ট থেকে প্রথম আলোয় পরপর কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ওই সময় কালাই থানায় হওয়া তিনটি মামলারই অভিযোগপত্রভুক্ত আসামি মান্নান। এ ছাড়া চলতি বছর একই অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় আরেকটি মামলা হয়েছে, যেটি তদন্তাধীন রয়েছে।