কালাচাঁদপুর কলেজের অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান এলাকার কালাচাঁদপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদকে গতকাল রোববার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, গত বছরের আগস্ট মাসে তিনি কালাচাঁদপুর কলেজের অধ্যক্ষের দায়িত্ব পান। এর আগে ২০১৩ সালে কলেজটি জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। গত মাসে অর্থও ছাড় হয়েছে। কিন্তু এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। তিনি বলেন, ‘একটি মহল চায় না কলেজটি সরকারি হোক। কারণ সরকারি হলে কলেজ থেকে অবৈধভাবে অর্থ উপার্জন বন্ধ হয়ে যাবে। এ জন্য ওই মহল আমাকে চাপ দিচ্ছে, যাতে আমি কলেজটির জাতীয়করণ প্রক্রিয়া বন্ধ করি। আমি ওই মহলের কথা না শোনায় তারা আমার ওপর ক্ষিপ্ত।’
আবুল কালাম বলেন, ‘আজ (গতকাল) বেলা দেড়টার দিকে ২০ থেকে ২৫ জন যুবক আমার ভাটারা এলাকার বাসায় আসে। তাদের মধ্যে ১০ থেকে ১২ জন বাসার নিরাপত্তাকর্মীকে জিম্মি করে অন্যরা আমার চতুর্থ তলার বাসার দরজার সামনে আসে। তারা দরজায় ধাক্কাধাক্কি ও গালিগালাজ করতে থাকে। এ সময় আমি বাসার ভেতর থেকে বাসার মালিক সমিতির সভাপতি, কলেজের কয়েকজন শিক্ষক ও আশপাশের লোকজনকে খবর দিই। বিষয়টি বুঝতে পেরে ২০ থেকে ২৫ মিনিট পর তারা চলে যায়।’ আবুল কালাম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।