ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর-কুশলিয়া স্কুল অ্যান্ড কলেজের দুজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের এক সভায় তাঁদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
দক্ষিণ শ্রীপুর-কুশলিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু রায়হান সিদ্দিকী জানান, এ শিক্ষাপ্রতিষ্ঠানে সমাজবিজ্ঞানের সহকারী শিক্ষক কাজী সাইফুল্লাহ এবং শরীরচর্চা বিভাগ ও হিন্দু ধর্মের সহকারী শিক্ষক প্রদীপ মণ্ডল। তাঁদের বিরুদ্ধে বিদ্যালয়ের একটি শ্রেণির ৩৫ জন ছাত্রী গত শনিবার লিখিত অভিযোগ করে। অভিযোগে বলা হয়, ওই দুজন শিক্ষক শ্রেণিকক্ষে মুঠোফোনে তাদের গান শোনান ও গান গাইতে বাধ্য করেন। এরপর তাদের সঙ্গে অশালীন আচরণ করেন। দুই মাস ধরেই এ রকম চলছে।
অভিযোগ পাওয়ার পর শনিবারই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি কাজী নওসাদ দিলয়ারের নেতৃত্বে প্রাথমিকভাবে তদন্ত করা হয়। তদন্তে বিষয়টির সত্যতা মেলে। গতকাল রোববার সকালে পরিচালনা পর্ষদের সভা হয়। এতে ওই দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে জানতে সাময়িক বরখাস্তকৃত শিক্ষক প্রদীপ মণ্ডলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে চাননি।
অন্য শিক্ষক কাজী সাইফুল্লাহ মুঠোফোনে জানান, তাঁরা ওই শ্রেণির সব ছাত্রীকে শ্রেণিকক্ষে দেশাত্মবোধক গান গাইতে বলতেন। অশালীন আচরণের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ছাত্রীদের মাঝেমধ্যে হাত দিয়ে মারধর করেছেন। এর বেশি কিছু না। তিনি দাবি করেন, তাঁদের অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে।