কালিয়াকৈরে শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক পশ্চিমপাড়া থেকে গত বুধবার মো. নীরব (৪) নামের এক শিশু অপহৃত হয়েছে। শিশুটির মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা।
অপহৃত মো. নীরব কুষ্টিয়ার কুমারখালী থানার হোগলা গ্রামের সাহেব আলীর ছেলে।
নীরবের পরিবার সূত্রে জানা গেছে, আন্দারমানিক পশ্চিমপাড়া এলাকার আজিম ব্যাপারীর বাড়ি ভাড়া নিয়ে স্ত্রী রাজিয়া সুলতানা ও ছেলে নীরবকে নিয়ে বসবাস করেন সাহেব আলী। গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে নীরব নিখোঁজ হয়। এ ঘটনায় ওই দিনই সাহেব আলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ০১৮৬৭৮৩৮০৪২ নম্বর থেকে সাহেব আলীর মুঠোফোনে ফোন করে অপহরণকারীরা। এ সময় তারা নীরবের মুক্তিপণ বাবদ সাহেব আলীর কাছে দুই লাখ টাকা দাবি করে।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর অপহৃত শিশুর পরিবারকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করা হচ্ছে।